আরজি করের নির্যাতিতার মায়ের উপর হামলার অভিযোগ! হাইকোর্টের নির্দেশে নতুন করে তদন্ত শুরু

আরজি করের নির্যাতিতার মায়ের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগের ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে নির্দেশ দিয়েছেন, একজন ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার আধিকারিককে দিয়ে পুরো ঘটনার তদন্ত করাতে হবে।
গত ৯ আগস্ট আরজি করের নির্যাতিতার বাবা-মা বিজেপির নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, পুলিশের লাঠিচার্জের কারণে নির্যাতিতার মায়ের কপালে আঘাত লাগে। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান। পরবর্তীতে সেই মেডিক্যাল রিপোর্ট নিয়েও বিতর্ক তৈরি হয়, কারণ নির্যাতিতার বাবা অভিযোগ করেন যে রিপোর্ট বদলে দেওয়া হয়েছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতে, এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং ন্যায়বিচারের স্বার্থে এর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। বিচারপতি জানিয়েছেন, নিযুক্ত তদন্তকারী আধিকারিক বেসরকারি হাসপাতালের দেওয়া মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখবেন এবং বিবেচনা করবেন যে এটি শাস্তিযোগ্য অপরাধ কি না। যদি এটি শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে তিনি এফআইআর দায়ের করবেন। অন্যথায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলা বন্ধ করে দেবেন।
কলকাতা হাইকোর্ট নিউ মার্কেট ও শেক্সপিয়র থানার পুলিশের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয়, কারণ উভয় রিপোর্টেই ঘটনাটিকে তেমন গুরুতর নয় বলে উল্লেখ করা হয়েছিল। আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, এই আঘাত পুলিশের লাঠিচার্জ, জনসমাগমের হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কির কারণেও হতে পারে, তাই এর তদন্ত প্রয়োজন।