ভয়ংকর কাণ্ড, হাসপাতালে ভর্তি বৃদ্ধাকে ইঁদুরে কামড়াল, আতঙ্কে রোগী ও পরিবারের সদস্যরা

মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালে ভর্তি থাকা ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ইঁদুরে কামড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে শহরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে।

মুম্বাইয়ের জুহু এলাকার ড. আর. এন. কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন ইন্দুমতি চাভান। ডিমেনশিয়া ও বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে একটি ইঁদুর তাঁর বাম হাতে কামড়ে দেয়। বৃহস্পতিবার সকালে তাঁর নাতি প্রথম হাতে কামড়ের দাগ দেখতে পান। ইন্দুমতির জামাতা জানান, পরিবার প্রথমে অভিযোগ দায়ের করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তবে তিনি আরও দাবি করেন, এর পরের রাতেও একই ওয়ার্ডে আরেকজন রোগীকে ইঁদুরে কামড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
আহত হাতে কামড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিএমসি (BMC)-র মেডিক্যাল এডুকেশন ডিরেক্টর ডাঃ নীলম আন্দ্রাদে জানান, তিনি একাধিক কামড়ের কোনো অফিসিয়াল রিপোর্ট পাননি। তবে তিনি স্বীকার করেন যে, হাসপাতালে ইঁদুরের সমস্যা সম্পর্কে আগেই সতর্কতা দেওয়া হয়েছিল। ঘটনার পর বিএমসি-র পেস্ট কন্ট্রোল আধিকারিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যপ্রদেশেও একই ঘটনা
শুধু মুম্বাই নয়, মধ্যপ্রদেশের ইন্দোরেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানকার একটি সরকারি হাসপাতাল, মহারাজা যশবন্তরাও চিকিৎসালয় (MYH)-এর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (NICU) ভর্তি থাকা দুই নবজাতককে ইঁদুরে কামড়ে দিয়েছে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. অশোক যাদব জানান, গত ৪৮ ঘণ্টার মধ্যে দুই শিশুর মাথা, কাঁধ এবং আঙুলে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তিনি স্বীকার করেন যে, হাসপাতালে পাঁচ বছর আগে শেষবার পেস্ট কন্ট্রোল করা হয়েছিল। তিনি বলেন, “রোগীর আত্মীয়দের ওয়ার্ডে খাবার না আনার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ এটি ইঁদুরকে আকর্ষণ করে।”