মূর্তি চুরি কাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যেই কিনারা, রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করে যা জানাল পুলিশ

মন্দির থেকে চুরি যাওয়া গোপাল এবং রাধাকৃষ্ণের পিতলের মূর্তি ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। মাথাভাঙা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা শিব মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছিল। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ একদিকে যেমন মূর্তি উদ্ধার করেছে, তেমনই এই ঘটনায় জড়িত এক মহিলাকেও আটক করা হয়েছে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এবং এসডিপিও সমরেন হালদার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। সন্দীপ গড়াই জানান, গত ৬ তারিখ রাতে ঘোকসাডাঙ্গা শিব মন্দিরে চুরির ঘটনা ঘটে। খবর পাওয়ার পরই ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে। মাত্র একদিনের মধ্যেই চুরি যাওয়া মূর্তিগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোশ্যাল মিডিয়ার গুজব
পুলিশ জানিয়েছে, এই চুরির সঙ্গে জড়িত এক মানসিক ভারসাম্যহীন মহিলা, বুলবুলি বিশ্ব শর্মাকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই দ্রুত পদক্ষেপের ফলে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।