৩০ কোটির টাকার প্রস্তাব, তৃণমূলে যোগের অভিযোগ নওশাদের, পাল্টা তোপ তৃণমূলের

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি দাবি করেছেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
নওশাদ সিদ্দিকি বলেছেন, “আমাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শাসক দলের এক বিধায়ক এই প্রস্তাব দিয়েছেন।” তিনি আরও জানান, এই প্রস্তাব নাকচ করার পর তাঁর বিরুদ্ধে কুৎসা শুরু হয়েছে। নওশাদের কথায়, “আমি ৩০ কোটি টাকা নিয়ে ভাবি না, আমি নেবও না। আমি মানুষের পাশে আছি, এটাই তৃণমূলের ঈর্ষার কারণ।”
নওশাদকে পাল্টা আক্রমণ তৃণমূলের
আইএসএফ বিধায়কের এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতারা। ভাঙড়ের তৃণমূল নেতা সওকত মোল্লা নওশাদকে তীব্র কটাক্ষ করে বলেন, “মাথায় টুপি দিয়ে বললেই সবাই বিশ্বাস করবে না। একজন ভণ্ড বিধায়ককে তৃণমূল নেবে, এরকম অবস্থা হয়নি।”
একইভাবে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও নওশাদকে আক্রমণ করেছেন। তিনি বলেন, “উনি যদি এতই জনপ্রিয় নেতা হন, তাহলে বিধানসভায় ২০ হাজার ভোটে জেতা আসনে লোকসভা ভোটে ৪০ হাজার ভোটে পিছিয়ে থাকতেন না।” দেবাংশু আরও প্রশ্ন তোলেন, “যদি কেউ টাকা অফার করে থাকেন, তাহলে সেই নামগুলো কেন প্রকাশ করছেন না উনি? টাকা অফার করা তো একটা অপরাধ। সেই অপরাধটা উনি চেপে যাচ্ছেন কেন?”
রাজনৈতিক মহলের মতে, এই অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভাঙড় এবং এর সংলগ্ন এলাকার রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে।