এসএসসি পরীক্ষা নিয়ে ফের বিতর্ক, শুভেন্দুর মন্তব্যে নতুন চাঞ্চল্য!

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত এসএসসি পরীক্ষা রবিবার নির্বিঘ্নে শেষ হলেও, তা নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানিয়েছেন, এটি একটি প্রহসন মাত্র। তিনি বলেন, “এবারের পরীক্ষার নামে যা হয়েছে, তা দুর্নীতি ছাড়া আর কিছু নয়। এর মাধ্যমে তৃণমূলের উদ্দেশ্য হলো, টাকা দেওয়া এবং যাদের টাকা ফেরত দেওয়া যায়নি, তাদের সবাইকে চাকরি পাইয়ে দেওয়া।”
শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন যে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ১৫২ জন ‘দাগি’ পরীক্ষার্থীও ছিলেন। তার দাবি, এই দুর্নীতির বিরুদ্ধে নিশ্চিতভাবে মামলা হবে। তিনি মামলার জন্য সব ধরনের তথ্য সরবরাহ করবেন বলে জানিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের আগেই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য একই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, “দুর্নীতিগ্রস্তদের যে তালিকা এসএসসি দিয়েছে, তা সম্পূর্ণ নয়। যদি দুর্নীতিগ্রস্তরা এই পরীক্ষায় বসে থাকেন, তাহলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হতে পারে।”
পরীক্ষা দিয়ে বেরোনোর পর অনেক পরীক্ষার্থীর মধ্যেই অনিশ্চয়তা দেখা গেছে। তারা ভয় পাচ্ছেন যে, এই পরীক্ষাতেও কোনো দুর্নীতি হবে কি না। তাই তারা ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশনের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার দাবি জানিয়েছেন। যদিও এই বিষয়ে এসএসসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মন্তব্য স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।