পাঞ্জাবের বন্যার্তদের পাশে দাঁড়ালেন হরভজন সিং, দান করলেন কোটি টাকার ত্রাণ!

উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পাঞ্জাবে, ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাঞ্জাবের মানুষদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
হরভজন সিং তার সাংসদ তহবিল থেকে আটটি স্টিমার নৌকা এবং ব্যক্তিগত অর্থ থেকে আরও তিনটি নৌকা দান করেছেন। প্রতিটি নৌকার মূল্য প্রায় ৪.৫ থেকে ৫.৫ লক্ষ টাকা। এছাড়া, তিনি জরুরি চিকিৎসা সহায়তার জন্য তিনটি অ্যাম্বুলেন্সও কিনে দিয়েছেন।
হরভজন ত্রাণ তহবিল সংগ্রহের জন্য ব্যক্তিগতভাবে তার বন্ধু এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার আহ্বানে সাড়া দিয়ে একটি ক্রীড়া সংস্থা ৩০ লক্ষ টাকা এবং তার দুই বন্ধু যথাক্রমে ১২ লক্ষ ও ৬ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। ইতিমধ্যেই সংগ্রহ করা প্রায় ৫০ লক্ষ টাকা বন্যার্তদের সাহায্যে খরচ করা হয়েছে।
বর্তমানে প্রতিদিন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। হরভজন সিং ব্যক্তিগতভাবে সমস্ত ত্রাণ কার্যক্রমের ওপর নজর রাখছেন এবং ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগে পাঞ্জাবের মানুষেরা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন।