উচ্চ প্রাথমিকের ১২৪১ শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ হাইকোর্টের ২০১৫ সালের নিয়োগ প্রক্রিয়ার জট কাটল,

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটল উচ্চ প্রাথমিকের নিয়োগ জট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ অবিলম্বে ১২৪১ জন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে।

কী নিয়ে ছিল মামলা?
২০১৫ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের ১৪,০৫২টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, আটটি কাউন্সেলিংয়ের পরেও ১২৪১ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। এই নিয়ে মামলা হাইকোর্টে গড়ালে গত বছরও আদালত ১২৪১টি পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল। কিন্তু এসএসসি তা কার্যকর করেনি। সেই মামলার শুনানিতেই শুক্রবার হাইকোর্ট দ্রুত নিয়োগের নির্দেশ দিল।

অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন প্রশ্ন
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি কর্তৃক প্রকাশিত ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন, সিবিআই-এর তালিকায় আরও বেশি অযোগ্য প্রার্থীর নাম থাকা সত্ত্বেও কেন কমিশনের তালিকায় সংখ্যা কম?

এর উত্তরে এসএসসি-র আইনজীবী আদালতকে জানান, সিবিআই-এর তালিকায় থাকা সকলের নিয়োগ হয়নি, তাই কেবল নিযুক্ত অযোগ্যদের নামই তালিকায় রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট কমিশনকে আবারও সতর্ক করে দিয়েছে যে কোনো অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে।