আবারও প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়া, কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের! জানুন পুরো ঘটনা

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ সামনে আসার পর কলকাতা হাইকোর্ট কঠোর নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে, নিয়োগের সঙ্গে যুক্ত সব নথি হলফনামা আকারে জমা দিতে হবে।

২০২৩ সালে মেখলিগঞ্জ ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। চাকরিপ্রার্থীরা দাবি করেন, নিয়োগের বিজ্ঞপ্তিতে EWS (Economically Weaker Section) ক্যাটাগরির কোনো উল্লেখ না থাকা সত্ত্বেও সেই ক্যাটাগরি থেকে ১৫ জনকে নিয়োগ করা হয়েছে। অভিযোগ, দুর্গাপুজোর আগে এক রাতের মধ্যে এই ১৫ জনকে গোপনে নিয়োগপত্র দেওয়া হয়। এর আগে, সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ভাইরাল হয়েছিল এবং ফল প্রকাশের পর দেখা যায় সেই তালিকার সঙ্গে ফলাফল হুবহু মিলে গেছে।

আদালতের প্রথম নির্দেশে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর চাকরিপ্রার্থীরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা করেন। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে কঠোর নির্দেশ দেয়। পাশ করা ৭৪৯ জন পরীক্ষার্থীর খাতা, মার্কশিট এবং ফলাফলসহ সমস্ত বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত মামলাটি আবার সিঙ্গল বেঞ্চে পাঠিয়েছে। অভিযোগকারীদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো নিয়ম মানা হয়নি, তাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।” আদালতের এই নির্দেশের পর এখন সবার নজর পরবর্তী শুনানির দিকে। এখন সিঙ্গল বেঞ্চের রায়ই বলে দেবে এই নিয়োগ বাতিল হবে নাকি বৈধতা পাবে।