রহস্যজনক মৃত্যু আইআইটি বিএইচইউ ছাত্রের, কী ঘটেছিল সেদিন

দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি (IIT)-তে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আইআইটি বিএইচইউ (IIT-BHU)-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক এমটেক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম অনুপ সিংহ (৩১), যিনি উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাসিন্দা। মাত্র দুই মাস আগে তিনি আইআইটি-বিএইচইউ-তে ভর্তি হয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। সেদিন সকালে অনুপের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। তাঁর রুমমেট ও বন্ধুরা তাঁকে ঘুম থেকে তুলতে গেলে দেখেন তিনি সাড়া দিচ্ছেন না। দ্রুত খবর দেওয়া হলে তাঁকে হোস্টেল থেকে ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এসএসএল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। আইআইটি-বিএইচইউ-র চিফ প্রোক্টর ড. সঞ্জয় সিং জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল।

অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার রাতে অনুপ তাঁর বন্ধুদের সঙ্গে রাত ৩টা পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তাঁরা ঘুমিয়ে পড়েন। সকালে যখন তাঁর সাড়া মেলেনি, তখন বন্ধুরা প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুপের বাবাও এই ঘটনায় কোনো অস্বাভাবিকতার অভিযোগ করেননি।

ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এই ঘটনা হোস্টেলে এবং পুরো ক্যাম্পাসে গভীর শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।