ওড়িশায় আবারও গণধর্ষণের ঘটনা, ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রেপ্তার ৩

ওড়িশায় নারী নির্যাতনের ঘটনা অব্যাহত। এবার সম্বলপুর জেলায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ তরুণের বিরুদ্ধে। এই অভিযোগের পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে, তবে বাকি দুইজন এখনও পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সম্বলপুরের জুজুমুরা থানা এলাকায়। পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নাবালিকা কিছু কাজের জন্য একা বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় পাঁচজন যুবক তাকে নির্জন এলাকায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরিবারের পক্ষ থেকে জুজুমুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। রাতেই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের কথা স্বীকার করেছে। বাকি দুই অভিযুক্তকে ধরার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
সাম্প্রতিক সময়ে ওড়িশায় নারী ও নাবালিকা নির্যাতন, ধর্ষণ এবং আত্মহত্যার মতো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা রাজ্য জুড়ে উদ্বেগ তৈরি করেছে। গত সপ্তাহেই ধেনকানাল জেলার একটি আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে, যার পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও বালেশ্বর, বালাঙ্গা এবং কেন্দ্রপাড়াতে একাধিক ছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ধরনের ধারাবাহিক ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং নারী সুরক্ষার বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।