“পুতিন সকালে মিষ্টি কথা বলেন, রাতে বোমা মারেন”-ইউক্রেনকে মিসাইল উপহার দিলেন ট্রাম্প

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ব্যর্থ শান্তি আলোচনার পরই তিনি ঘোষণা করেছেন যে, ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়া হবে। যদিও ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থার খরচ ইউক্রেনকেই বহন করতে হবে।

ট্রাম্প জানান, ইউক্রেনের প্রয়োজনীয় সুরক্ষার কথা ভেবে তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে। একই সঙ্গে তিনি কিয়েভকে আরও উন্নত অস্ত্র দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন, যা রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালাতে সক্ষম। এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র কটাক্ষ করে ট্রাম্প বলেন, “তিনি খুব ভালো ভালো কথা বলেন, তারপর রাতে এসে বোমা মারেন। এমন নেতাকে আমি বিশ্বাস করতে পারি না।”

রাশিয়ার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের বিল:

রবিবার মার্কিন কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি দ্বিদলীয় বিল পেশ করা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার বিরুদ্ধে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেবে। এই বিলটি কার্যকর হলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলিও প্রভাবিত হতে পারে, যদি তারা রাশিয়াকে কোনোভাবে সাহায্য করে।

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এই বিল প্রসঙ্গে বলেছেন, “এটা ট্রাম্পের জন্য এক হাতুড়ি, যার মাধ্যমে পুতিনের যুদ্ধযন্ত্রকে সমর্থন করা সব দেশের উপর চাপ প্রয়োগ করা যাবে।”

এই ঘোষণার ফলে ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, রাশিয়ার মিত্র দেশগুলির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন চাপ কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।