দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিগো বিমানের একের পর এক বিভ্রাটে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত দু’দিনে ইন্ডিগো এয়ারলাইনসের একাধিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, পাখির ধাক্কা এবং জরুরি অবতরণের ঘটনা ঘটেছে, যা যাত্রী সুরক্ষার প্রশ্ন তুলে দিয়েছে।
গতকাল, বুধবার ইন্ডিগোর 6E 2006 দিল্লি-লেহগামী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি টেক-অফ করার পরই ত্রুটি ধরা পড়ায় দ্রুত এটিকে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, বুধবার ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান (180 জন যাত্রীসহ) বাতিল করা হয়। জানা যায়, বিকেল ৪টে ২০ মিনিটে টেক-অফের সময় বিমানে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিকে রানওয়েতে থামিয়ে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়। ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে, পাখির ধাক্কায় এই সমস্যা দেখা গিয়েছিল। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে যাত্রীরা ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে থাকেন। শেষ পর্যন্ত বিমানটি বাতিল হওয়ায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।
একই দিনে, রায়পুরেও ইন্ডিগোর আরও একটি বিমান বিভ্রাটের মুখে পড়ে। দিল্লি থেকে রায়পুরগামী ইন্ডিগোর 6E 6312 বিমানটি দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ রায়পুরের বীর নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই বিপত্তিতে পড়ে। যদিও এই ঘটনার বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি।
পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলি ইন্ডিগো বিমানের রক্ষণাবেক্ষণ এবং যাত্রী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। দেশের অন্যতম বৃহত্তম এই বিমান সংস্থার এমন লাগাতার বিভ্রাট যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিমান সংস্থা দ্রুত এই বিষয়গুলি খতিয়ে দেখবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।