UPI লেনদেনে বাড়তি চার্জের গুজব! ভাইরাল পোস্ট নিয়ে যা জানাল কেন্দ্র?

ডিজিটাল পেমেন্টের যুগে ইউপিআই (UPI) লেনদেন সবথেকে জনপ্রিয় মাধ্যম। এটি মানুষের জীবনকে অনেকটাই সহজ করেছে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে ইউপিআই নিয়ে একটি ভুয়ো বার্তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে যে, দোকানদাররা ইউপিআই পেমেন্টের জন্য বাড়তি চার্জ নিচ্ছেন, আবার কিছু পোস্টে বলা হচ্ছে যে ৩০০০ টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বাড়তি চার্জ দিতে হবে।

এই ভাইরাল পোস্টগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে এই বিষয়ে কেন্দ্র সরকার নিজেই সাফ জবাব দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের ‘এক্স’ হ্যান্ডলে এই ভাইরাল পোস্ট সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন যে, সরকার অনলাইন পেমেন্টের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে কোনো রকম ভুয়ো খবর বরদাস্ত করা হবে না।

“সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে”: অর্থমন্ত্রকের কড়া বার্তা
কিছু পোস্টে উল্লেখ করা হচ্ছে যে, কেন্দ্র সরকার ইউপিআইতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালু করতে চলেছে ৩০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনের জন্য, যা ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের উপকার করবে। তবে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে, এই ধরনের অনুমানমূলক খবর এবং ইউপিআই লেনদেনে এমডিআর আরোপ সংক্রান্ত বিষয় সম্পূর্ণ মিথ্যা। সরকার ইউপিআই পেমেন্ট সর্বদা বিনামূল্যে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক তাদের ‘এক্স’ হ্যান্ডলে পোস্টে এদিন লিখেছে, “সমস্ত ইউপিআই লেনদেনের উপরে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ চাপানো নিয়ে যে অনুমান, জল্পনা চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে, ভুয়ো। এই ধরনের ভিত্তিহীন অনুমান সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, স্থিতাবস্থার বিঘ্ন ঘটায়। এমনকি নাগরিকদের মধ্যে সন্দেহের জন্ম দেয়।”

ইউপিআইয়ের জয়যাত্রা: লেনদেনে রেকর্ড বৃদ্ধি
উল্লেখ্য, এই জুন মাসে ভিসা কার্ডে লেনদেনের তুলনায় ইউপিআইতেই সবথেকে বেশি লেনদেন হয়েছে। ২০২৫ সালের ১ জুন ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ৬৪.৪ কোটি টাকা, আর তা পরেরদিনই ৬৫ কোটি টাকা ছাড়িয়ে যায়। এক বছর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে ইউপিআইতে মোট ৬৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের ১১ বছর পূর্তির উপলক্ষ্যে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে ভারতের ডিজিটাল পেমেন্টের বিপ্লব সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২৫ সালের মার্চ মাসে দেশে ইউপিআইতে ২৪.৭৭ লক্ষ কোটি টাকা মূল্যের এবং মোট ১৮৩০.১৫১ কোটি লেনদেন করা হয়েছিল।

এই ধরনের গুজবে কান না দিতে এবং সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের উপর নির্ভর করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউপিআই লেনদেন যে বিনামূল্যে থাকবে, তা নিশ্চিত করেছে সরকার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy