ত্রাণ বিলি ও জমির পাট্টা দেওয়ার ঘোষণা! উত্তরপ্রদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী যোগী

লাগাতার বৃষ্টি এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশের চিত্রকূটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে মন্দাকিনী নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ ও পুনর্বাসনের সাহায্য তুলে দিচ্ছেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ৩১টি জেলার মধ্যে বর্তমানে ২২টি জেলাই জলমগ্ন এবং ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। চিত্রকূটের রামঘাট ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা, দোকানপাট, মন্দির এবং মঠ জলের নিচে তলিয়ে গেছে। বহু রাস্তা এখন নদীর রূপ ধারণ করেছে।
এই সংকটজনক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় জানান, ভগবান শ্রী কামতানাথ জির পবিত্র ভূমি চিত্রকূটের বন্যাদুর্গত মানুষের দুঃখের ভাগীদার হতেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এদিন প্রায় ৮০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হচ্ছে। পাশাপাশি, বন্যায় যাঁরা ঘর হারিয়েছেন, তাঁদের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আর্থিক সাহায্যের পাশাপাশি বাড়ি তৈরির জন্য জমির পাট্টাও দেওয়া হবে। সরকারের এই পদক্ষেপে দুর্গত মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।