টাস্কের সময় ঘুম, শুধু টাকার জন্যই আসা! মাত্র ৭ দিনেই ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় নিলেন অনিন্দ্য সেনগুপ্ত

মাত্র এক সপ্তাহের মধ্যেই সফর শেষ! ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) থেকে বিদায় নিলেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। গত ৩০ অগাস্ট থেকে শুরু হওয়া এই রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু মাত্র সাত দিনের মাথাতেই ঘরের বাকি সঙ্গীদের বিদায় জানিয়ে বেরিয়ে আসতে হলো তাঁকে। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উপস্থিতিতে ‘দাদার দরবার’-এর প্রথম এপিসোডেই বিগ বস হাউজ থেকে বেরিয়ে যান অনিন্দ্য।

সৌরভের মুখোমুখি অনিন্দ্য

শো চলাকালীন অনিন্দ্য সক্রিয়ভাবে কোনো কাজে যুক্ত হননি, কারও সঙ্গে সেভাবে মিশেননি— শনিবারের এপিসোডে সেকথা একেবারে স্পষ্ট ভাষায় অনিন্দ্যকে মনে করিয়ে দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, এই ধরনের গেম শো-তে টিকে থাকতে হলে সমস্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং সবার সঙ্গে মিশতে হবে।

কেন মাত্র ১ সপ্তাহেই বিদায়?

‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশের পর থেকেই অনিন্দ্য বারে বারে বিভিন্ন প্রতিযোগীর কাছে নিজের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এমনকী ক্যামেরার সামনেও তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, তিনি আদৌ এই শো-তে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। শো-র নিয়ম অনুযায়ী বিভিন্ন টাস্কে পারফর্ম করা বাধ্যতামূলক হলেও, মাঝরাতে ‘বিবি টাউনশিপ’-এর মতো গুরুত্বপূর্ণ টাস্কেও তাঁকে বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে দেখা যায়।

ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথা উল্লেখ করে অনিন্দ্য স্বীকার করেন যে, ঘুমের ওষুধ ছাড়া তাঁর ঘুম হয় না। পাশাপাশি, তিনি যে এই শো-তে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই এসেছেন, সে কথাও অকপটে স্বীকার করেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে উপদেশ দেন যে, শুধুমাত্র অর্থ উপার্জনের কথা মাথায় রেখে কাজ করলে সাফল্য আসে না, বরং কাজকে ভালোবেসে করলে অর্থ এমনিই আসে।