গিলানি পরিবারে কি এবার মূলধারার রাজনীতির হাওয়া? পিডিপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে!

জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে এক সম্ভাব্য বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির নাতনি রুয়া শাহের পিপলস ডেমোক্রেটিক পার্টিতে (PDP) যোগদানের গুঞ্জন ঘিরে বর্তমানে রাজনৈতিক পারদ চড়েছে তুঙ্গে। এই জল্পনা আরও বাড়িয়ে দিয়ে পিডিপি প্রধান মেহবুবা মুফতি সাফ জানিয়ে দিয়েছেন যে, রুয়া তাঁর মেয়ের মতো এবং দলের দরজা তাঁর জন্য সর্বদা উন্মুক্ত রয়েছে।
মূলধারার রাজনীতিতে যোগদানের আহ্বান জম্মু ও কাশ্মীরের শিক্ষিত যুবসমাজকে মূলধারার রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রকাশ্যেই আহ্বান জানিয়েছেন মেহবুবা মুফতি। আর ঠিক এই প্রেক্ষাপটেই রুয়া শাহের পিডিপিতে সম্ভাব্য প্রবেশের বিষয়টি রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। বিরোধী দলগুলিও এই বিষয়ে ইতিমধ্যেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে।
রাজনৈতিক মহলের মিশ্র প্রতিক্রিয়া ন্যাশনাল কনফারেন্সের নেতা অ্যাডভোকেট শওকত আহমেদ মীর এই সম্ভাবনাকে স্বাগত জানিয়ে বলেছেন, কোনো বিচ্ছিন্নতাবাদী নেতার পরিবারের কেউ যদি মূলধারার রাজনীতিতে আসেন, তবে তা অত্যন্ত ইতিবাচক ঘটনা। দেরিতে হলেও এই শুভবুদ্ধির উদয়কে সাধুবাদ জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই ঘটনায় তীব্র আক্রমণ শানাতে পিছপা হয়নি বিজেপি। দলের প্রবীণ নেতা ও মুখপাত্র আলতাফ ঠাকুর কটাক্ষ করে বলেছেন, “আমরা বহু আগে থেকেই বলে আসছি পিডিপি এবং হুররিয়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এখন গিলানির নাতনি পিডিপিতে যোগ দিলেও তাতে অবাক হওয়ার কিছু নেই, এটি মূলত হুররিয়াতেই বি-টিম হিসেবেই কাজ করছে।” সবমিলিয়ে, রুয়া শাহের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং উপত্যকার রাজনীতিতে এর কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।