ইনস্টাগ্রাম ভিডিওর নিচে আপত্তিকর মন্তব্যে হাসির ইমোজি! সুরাটে আটক ক্যারাটে শিক্ষক, থানায় বিক্ষোভ

গুজরাটের সুরাটে ইনস্টাগ্রাম ভিডিওর নিচে আপত্তিকর মন্তব্যে ‘হাসির’ ইমোজি দেওয়ার অভিযোগে এক ক্যারাটে শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিক্ষোভও হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ক্যারাটে শিক্ষকের নাম মহম্মদ শাহাবুদ্দিন (মহম্মদ শফিক আহমেদ আনসারি)। ভেস্তান থানা এলাকার একটি মোবাইল দোকানের ওপরে তিনি দীর্ঘদিন ধরে ক্যারাটে ও মার্শাল আর্টসের প্রশিক্ষণ কেন্দ্র চালান। সোশ্যাল মিডিয়ায় একটি ক্যারাটে অনুশীলনের ভিডিও পোস্ট করা হয়, যেখানে একটি নাবালিকা ছাত্রীকে ক্যারাটের ভঙ্গিতে দেখা গিয়েছিল। ওই ভিডিওর নিচে আসা অশ্লীল মন্তব্যের উত্তরে শাহাবুদ্দিনের হাসির ইমোজি দেওয়ার স্ক্রিনরেকর্ডিং ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক এবং কড়া পদক্ষেপের দাবি ওঠে। পরিস্থিতি ঘিরে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে ও থানায় বিক্ষোভ দেখান বিভিন্ন সংগঠনের কর্মীরা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকা ও তার অভিভাবকদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। এক মহিলা পুলিশ অফিসারের উপস্থিতিতে মেয়েটির সঙ্গে আলাদাভাবে কথা বলা হয়। পুলিশ জানায়, মেয়েটি কোনও ধরনের হেনস্থা বা খারাপ আচরণের কথা অস্বীকার করেছে। তার মা-বাবাও শিক্ষকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি; বরং তাঁদের দাবি, তাঁরা নিজেরাই মেয়েকে ক্লাসে পৌঁছে দেন এবং শিক্ষকের ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসেও শেয়ার করেছেন।
সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে মহম্মদ শাহাবুদ্দিন দাবি করেন, ইংরেজিতে লেখা মন্তব্যগুলির অর্থ তিনি বুঝতে পারেননি, তাই সেগুলি ডিলিট করেননি বা কাউকে ব্লকও করেননি। তাঁর কথায়, তিনি খুব বেশি লেখাপড়া জানেন না এবং কেবল সামান্য হিন্দি পড়তে ও বুঝতে পারেন। খারাপ কিছু লেখা আছে বুঝলে কেন হাসির ইমোজি দিতেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
শাহাবুদ্দিন জানান, তাঁর ক্লাসে প্রায় ৪০ জন শিশু আসে। হাই কিক ও আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় স্ট্রেচিং ও অনুশীলনের ভিডিও তিনি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন। পেশায় দর্জি শাহাবুদ্দিন আরও জানান, তিনি সকাল-সন্ধ্যা ক্লাস নেন, বিবাহিত এবং তাঁর দু’টি সন্তান রয়েছে। পরিবারের তরফে কোনও অভিযোগ না থাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ নম্বর ধারায় তাঁকে আটক করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর মন্তব্যকারীদের খোঁজেও তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।