‘আমার কাছেও অফার এসেছিল!’ আসন পুনর্বিন্যাস নিয়ে শরদ পাওয়ারকে কড়া বার্তা উদ্ধব ঠাকরের

প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরের অন্দরে টানাপোড়েনের মাঝেই এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারকে কড়া বার্তা দিলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। রবিবার তিনি শরদ পাওয়ারকে রাজনৈতিক হিসাবনিকাশের ঊর্ধ্বে উঠে আগে মহারাষ্ট্রের স্বার্থ দেখার আহ্বান জানান। একইসঙ্গে উদ্ধব দাবি করেন, তাঁর কাছেও ফোন ও রাজনৈতিক প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি নিজের দল ও রাজ্যের স্বার্থেই অবিচল থেকেছেন।
শরদ পাওয়ারকে কটাক্ষ করে উদ্ধব বলেন, এই ইস্যুতে দুই নৌকায় পা রাখার চেষ্টা করা উচিত নয়। তাঁর কথায়, “আমার কাছেও ফোন ও অফার এসেছিল, কিন্তু আমি নিজের দলের স্বার্থ দেখছি। শরদ পাওয়ারেরও মহারাষ্ট্রের স্বার্থের কথা ভাবা উচিত।” পাওয়ারের সঙ্গে কথা বলতে তাঁর কোনও দ্বিধা নেই, তবে তাঁকে স্পষ্ট অবস্থান নিতে হবে বলেও মন্তব্য করেন উদ্ধব। ফুলে, শাহু মহারাজ এবং বি আর আম্বেদকরের আদর্শ স্মরণ করিয়ে দিয়ে উদ্ধব বলেন, আজ সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকবে না।
আসন পুনর্বিন্যাস কার্যকর হলে মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রভাব কমবে এবং লোকসভায় উত্তরপ্রদেশের আসন সংখ্যা অনেকটা বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন উদ্ধব ঠাকরে। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের লোকসভা আসনের ফারাক ৩২, যা বেড়ে ৪৮ হয়ে যেতে পারে। উদ্ধবের ভাষায়, “উত্তরপ্রদেশে যেন আরও একটা মহারাষ্ট্র বেড়ে যাবে।” একইভাবে উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর আসন সংখ্যার ব্যবধানও ৪১ থেকে বেড়ে ৬১ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
প্রস্তাবিত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন উদ্ধব ঠাকরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির অন্তর্ভুক্তি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি অভিযোগ করেন, গোটা ছক আগেই বিজেপির শীর্ষ নেতৃত্ব তৈরি করে রেখেছে। উদ্ধবের দাবি, “মোদি ও শাহ আগেই সব ঠিক করে রেখেছেন, কমিটি শুধু এসে সই করবে।” পাশাপাশি বিলের বিরোধিতায় ভোট দেওয়ার জন্য দলের ৯ জন সাংসদকে হুইপ জারি করেছেন বলেও জানান তিনি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন উদ্ধব। তাঁর বক্তব্য, স্ট্যালিনের চোখ খোলা উচিত, যাতে তামিলনাড়ুর মানুষ নিজেদের প্রতারিত মনে না করেন। পাশাপাশি মহিলা সংরক্ষণ ইস্যুতে উদ্ধব স্পষ্ট করেন যে, তাঁর দল বিদ্যমান আসনের ভিত্তিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পক্ষে, তবে তা আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত না করে আলাদাভাবে আনা উচিত।