লেনিন সরণি থেকে বিশ্ব বাংলা সরণি, কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব! কী বললেন তথাগত রায়?

কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। লেনিন সরণি, চৌরঙ্গি রোড, হো চি মিন সরণি, কার্ল মার্কস সরণি এবং বিশ্ব বাংলা সরণিসহ শহরের বহু রাস্তার নাম বদলানোর প্রস্তাব জমা পড়েছে সংশ্লিষ্ট কমিটির কাছে। এর আগে রাজ্যে ক্ষমতায় আসার পর পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করা হয়েছিল এবং সেই সময়েই একটি কমিটি গঠন করা হয়। এবার শহরের আরও রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রস্তাবিত নামগুলির মধ্যে লেনিন সরণির ক্ষেত্রে দেবপ্রসাদ ঘোষ সরণি, দেবপ্রসাদ সরণি অথবা সৈয়দ মুজতবা আলি সরণির নাম উঠে এসেছে। চৌরঙ্গি রোডের পরিবর্তে সর্দার প্যাটেল সরণি এবং হো চি মিন সরণির ক্ষেত্রে মার্টিন লুথার কিং সরণি বা অমর গোপাল বসু সরণির প্রস্তাব রয়েছে। কার্ল মার্কস সরণির জন্য কবি মধুসূদন সরণি অথবা কবি রঙ্গলাল সরণির নাম প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিশ্ব বাংলা সরণির নাম সত্যেন বসু সরণি, পার্ক সার্কাস কানেক্টরের নাম কাজি আবদুল ওদুদ সরণি এবং রাসবিহারী কানেক্টরের নাম প্রফুল্ল সেন সরণি করার প্রস্তাব এসেছে। এছাড়া এলিয়ট রোডকে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত রোড, পণ্ডিতিয়া রোডকে প্রমথনাথ বিশী রোড এবং আহিরিটোলা স্ট্রিটকে প্যারীচাঁদ মিত্র স্ট্রিট করার প্রস্তাবও রয়েছে।

এই প্রসঙ্গে তথাগত রায় জানান, বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা ও গবেষণা করা প্রয়োজন। তিনি বলেন, অনেক নাম বদলের প্রস্তাব এসেছে, কিন্তু পুরনো নামের ইতিহাস কী তা জানা দরকার এবং সে কারণেই পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর ফের একটি বৈঠকে বসার কথাও জানান তিনি। নাম বদল ঘিরে বিতর্কের সম্ভাবনা প্রসঙ্গে তথাগত রায় মন্তব্য করেন, পুরনো নাম হোক বা নতুন নাম, বিতর্ক যেকোনও ক্ষেত্রেই হতে পারে। বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং সত্যজিৎ রায় ধরণীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ধরণী যে সরণি হয়ে যাবে তা ধরেই নেওয়া যায় এবং কেন ধরণী রাখা হয়েছিল তা সকলেই জানেন।

অন্যদিকে, প্রদীপ্ত মহারাজ জানান যে আজ ১৬টি রাস্তার নাম নিয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাবিত নামগুলি রাজ্য বিধানসভায় পাঠানো হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাস্তার এই নাম পরিবর্তনের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কী সুবিধা হবে, তা নিয়েও আলোচনা চলছে।