ডিলিমিটেশন বিল পেশের আগে সাংসদদের তিন লাইনের হুইপ বিজেপির, শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে মোদী

লোকসভার আসনবৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পেশ এবং তা পাস করানোর ক্ষেত্রে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন ইতিমধ্যেই প্রায় নিশ্চিত করে ফেলেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সোমবার সংসদের অধিবেশনের বর্ধিত পর্বে বিলটি আনার প্রস্তুতি শুরু হওয়ার ঠিক আগে রবিবার বিকেলে দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে দলের সংসদীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে, দলীয় সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে তিন লাইনের হুইপ জারি করেছে বিজেপি।
সূত্রের খবর, বিল পাসের সময় সংসদে সব সাংসদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং সরকারের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই হুইপে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশনের প্রতিটি দিনেই বিজেপি সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী কালই লোকসভার আসনবৃদ্ধি বিল পেশ করে তা পাস করিয়ে নেওয়ার লক্ষ্যে সংসদের কক্ষে কৌশল কী হবে, তা চূড়ান্ত করতেই রবিবার এই আলোচনা সেরে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের এই বৈঠকে লোকসভা ও রাজ্যসভার বিজেপি সাংসদদের পাশাপাশি দলের শীর্ষ নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। রাজনাথ সিং, অমিত শাহ এবং জেপি নড্ডার মতো কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একাধিক ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে লোকসভার আসন বাড়িয়ে সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলা সংরক্ষণ বিল পাসের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দলগুলির সম্মিলিত বিরোধিতায় তা আটকে গিয়েছিল। সাত মাস পর ফের নতুন উদ্যমে সেই বিল আনার পথে হাঁটছে কেন্দ্র। এর আগে শনিবারই প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, মহিলাদের আসন সংরক্ষণ এখন কেবল সময়ের অপেক্ষা।
এদিকে, বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটের অন্দরেও এই বিল ঘিরে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন তামিলনাড়ুর স্বার্থে বিলের পক্ষে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং শরদ পাওয়ারের এনসিপিও একই অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি এনডিএ-র বাইরে থাকা কয়েকটি দলের সমর্থনও মিলেছে বলে দাবি সূত্রের। এই পরিস্থিতিতে সোমবার সংসদে বিল পেশের পর কী চিত্র ধরা পড়ে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।