আর জি করের প্রতিবাদের স্লোগান মোছার নির্দেশ! বর্ধমান মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রীর খোদ পরিদর্শনে চাঞ্চল্য

গোটা রাজ্যজুড়ে একসময় যে আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, এবার সেই প্রতিবাদের স্লোগানই হাসপাতালের দেওয়াল থেকে মুছে ফেলার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়ে দেওয়ালে লেখা প্রতিবাদী স্লোগান দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত স্লোগান মুছে দেওয়াল সাদা রঙ করতে হবে।

কী দেখা গেল বর্ধমান মেডিক্যাণ্ডে?
গত ২০ আগস্ট রাতে প্রথমবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর ২১ আগস্ট সকালে প্রসূতি বিভাগে আবারও সারপ্রাইজ ভিজিট করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও ক্ষুদিরাম টুডু। পরিদর্শনের সময় হাসপাতালের দেওয়ালে ‘জাস্টিস ফর আরজি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘শিরদাঁড়া বিক্রি নেই’-এর মতো স্লোগান দেখতে পান তাঁরা।

স্বাস্থ্যমন্ত্রীর কড়া বার্তা:
দেওয়ালে এই ধরনের লেখা দেখে চরম অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কালের মধ্যেই এই পুরো পরিষ্কার করবেন। মামারবাড়ি নাকি? কে করেছে এইগুলো? কালকের মধ্যেই প্রত্যেকটা সাদা রং করবেন। নিজেদের কলেজ নিজেরাই নষ্ট করছে।”

পরবর্তীতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের পর তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে ছাত্রছাত্রীরা যেন নিজেরাই ওই স্লোগানগুলো সরিয়ে ফেলেন। একইসঙ্গে মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে এই ধরনের দাবি বা প্রতিবাদের জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট করে আলাদা একটি দেওয়াল বা জায়গা তৈরি করে দেওয়া হবে। এখন দেখার বর্ধমান মেডিক্যালের অন্দরে এই নির্দেশকে কেন্দ্র করে নতুন করে কোনো জলঘোলা হয় কি না।