মধু ও তুলসীপাতার মিশ্রণ মুখে মাখলে কী হয় জানেন?

মধু এবং তুলসীপাতার টোটকা বহু পুরানো। এগুলো ত্বক এবং শরীরের বিভিন্ন সমস্যার জন্য উপকারী। তুলসীপাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ শ্বাসযন্ত্রের প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এই দুই উপাদান ত্বকের র‌্যাশ, ব্রণের মতো সমস্যা নিরাময়ে ম্যাজিকের মতো কাজ করে। তবে এখানেই শেষ নয়। তুলসীপাতার আরও অনেক গুণ রয়েছে। জেনে নিন সেগুলো কী কী?
মুখে তুলসীপাতা মাখলে যেসব উপকার পাবেন

১. তুলসীপাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার বৃদ্ধি কমায়। ত্বকে সেবাম উৎপাদনের পরিমাণও নিয়ন্ত্রণে রাখে।

২. তুলসীর অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখে। যা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।

৩. স্পর্শকাতর ত্বকের অস্বস্তি কমাতেও সাহায্য করে তুলসী। র‌্যাশ, লালচে ভাব, এগজিমা এবং সোরিয়াসিসের মতো সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।

তুলসীপাতা ত্বকে যেভাবে ব্যবহার করবেন

১. একটি পাত্রে পরিমাণ মতো জল এবং এক মুঠো তুলসীপাতা ফুটিয়ে নিন। তারপর স্বাভাবিক তাপমাত্রায় এলে সেটি পরিষ্কার কাচের পাত্রে ভরে ফেলুন। এই তরল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তুলসীর টোনার স্প্রে করে নিতে পারেন। প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।

২. কয়েকটি তুলসীপাতা বেটে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১০ মিনিট। তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা কমবে।

৩. তুলসীপাতা বেটে তার সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট । তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক মাখলে ত্বকের অনেক সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।