১৮ বছরের খরা কাটাতে নামল ভারত! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চার পেসারে বাজি টিম ইন্ডিয়ার

বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে বরাবরই সাফল্য পেয়েছেন মহম্মদ সিরাজ। বুমরার অনুপস্থিতিতে একার হাতে ইংল্যান্ড সিরিজে দলকে টানার নজিরও রয়েছে তাঁর। সাম্প্রতিক সময়ে সেরা ফর্মে না থাকলেও, বিদেশের পিচে অধিকাংশ সময়ই নজর কেড়েছেন এই তারকা পেসার। তাই তাঁকে প্রথম একাদশে খেলানোর পক্ষে ছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু যাবতীয় জল্পনা ও প্রত্যাশাকে ছাপিয়ে ওয়েলিংটন টেস্টে বাদ পড়লেন সিরাজ। বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। শুধু কিউয়িদের মাটিতে ইতিহাস গড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখাও বড় লক্ষ্য শুভমান গিলের নেতৃত্বাধীন দলের। তবে এই ম্যাচে ভারতের প্রথম একাদশে একাধিক চমক দেখা গিয়েছে। রবীন্দ্র জাডেজার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। পাশাপাশি অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে বাইরে বসিয়ে আকাশ দীপ এবং অংশুল কম্বোজকে খেলানোর বড় সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ডের মাটিতে ভারতের শেষ টেস্ট জয় এসেছিল প্রায় ১৮ বছর আগে। ২০০৯ সালে হ্যামিল্টনে ১০ উইকেটে জয় পেয়েছিল ভারতীয় দল। গত ৫০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে সেটাই ভারতের একমাত্র টেস্ট সাফল্য। ফলে এই সিরিজে সেই পুরনো ইতিহাস বদলানোর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ রয়েছে ভারতের সামনে। এই সফর জুড়ে ইতিমধ্যেই পাঁচটি টি-২০ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলেছে দুই দল। যেখানে টি-২০ সিরিজ ৩-২ ব্যবধানে এবং একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের দখলে নিয়েছে ভারত। এবার সফরের শেষ পর্বে টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে দুই শিবির।
টসে জেতার পর অধিনায়ক শুভমান গিল জানান, ম্যাচের প্রথম ইনিংসে পিচে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকতে পারে। সেই কৌশলগত সুযোগ কাজে লাগাতেই চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে ভারত। গিলের কথায়, দ্বিতীয় ইনিংসের তুলনায় প্রথম ইনিংসে উইকেট থেকে কিছুটা বেশি সহায়তা পাবেন পেসাররা এবং সেই সুবিধা কাজে লাগানোই মূল লক্ষ্য। গত কয়েক দিনে দল পাঁচ-ছ’টি ভালো অনুশীলন সেশন করেছে বলেও জানান তিনি, এবং প্রত্যেকেই মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন।
মহম্মদ সিরাজ এবং গুরনূরকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত যে মোটেও সহজ ছিল না, তা অকপটে স্বীকার করেছেন ভারত অধিনায়ক। গিল জানান, গত এক সপ্তাহ ধরে কোন সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামা উচিত, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তাঁদের সব পেসারই খুব ভালো বল করছেন, তাই সিরাজ ও গুরনূরের মতো দু’জনকে বাদ দেওয়া সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল। বিশেষ করে একদিনের সিরিজে দু’জনেই ভালো পারফর্ম করেছিলেন এবং গুরনূর সিরিজের সেরাও হয়েছিলেন। তবে যাঁদের একাদশে বেছে নেওয়া হয়েছে, তাঁরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আশাবাদী গিল। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, অনেক সময় মনে হতে পারে ম্যাচে বিশেষ কিছু ঘটছে না, কিন্তু হঠাৎই পরপর দু’-তিনটি উইকেট পড়ে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এগিয়ে থাকাই লক্ষ্য। ইতিমধ্যেই ওয়েলিংটনে প্রথম দিনের প্রথম সেশনে সাফল্য পেয়েছে ভারতের পেস আক্রমণ এবং প্রথম দুই সেশনে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড, যার সবক’টি উইকেটই তুলে নিয়েছেন পেসাররা।