বিস্ফোরক রোনাল্ডো! বেনজেমার দলবদল নিয়ে ক্ষোভে ম্যাচ বয়কট করলেন সিআর সেভেন?

মাঠের লড়াই ছাপিয়ে এখন সৌদি ফুটবলের কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষোভ। আল-রিয়াধকে হারিয়ে লিগ টেবলে শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ১-এ নামিয়ে আনল আল-নাসের। কিন্তু সোমবারের এই গুরুত্বপূর্ণ জয়ে মাঠে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কোনো চোট বা কার্ডের সমস্যা নয়, বরং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (PIF) কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করে এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
রোনাল্ডোর এই প্রতিবাদের মূলে রয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় দলগুলোর মধ্যে অর্থবণ্টনের বৈষম্য। বিশেষ করে, রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ করিম বেনজেমার আল-ইত্তিহাদ ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালে যোগ দেওয়া ঘিরেই ঝামেলার সূত্রপাত। ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি উইন্ডোয় আল-হিলাল একে একে পাঁচজন ফুটবলার সই করালেও, আল-নাসেরের ঝুলিতে এসেছে মাত্র দুজন তুলনামূলক কম পরিচিত মুখ। এই আর্থিক বৈষম্য ঘিরেই সরব হয়েছেন সিআর সেভেন।
বেনজেমা ১৮ মাসের চুক্তিতে আল-হিলালে নাম লিখিয়েছেন। অন্যদিকে, আল-নাসের সই করিয়েছে ইরাকের অনূর্ধ্ব-২৩ ফুটবলার হায়দার আবদুলকরিম ও আবদুল্লাহ আল-হামদানকে। এই অসম বিনিয়োগের কারণেই প্রতিবাদী মেজাজে রোনাল্ডো। সাদিও মানের করা একমাত্র গোলে সোমবার আল-নাসের জিতলেও (১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট), মাঠের বাইরে রোনাল্ডোর এই বিদ্রোহ আগামী দিনে সৌদি প্রো-লিগে বড়সড় রদবদল ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।