ফাইনালে উঠতে সামনে শুধু আফগান-কাঁটা! কখন, কোথায় দেখবেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনাল?

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর আসর এখন অন্তিমলগ্নে। খেতাবি লড়াইয়ের ফাইনালিস্ট নির্ধারণ করতে বুধবার, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে আয়োজিত এই ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
মুম্বই ও চেন্নাই সুপার কিংসের তরুণ তুর্কি আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতীয় ব্রিগেড টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বে আমেরিকা, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর সুপার সিক্স পর্বেও অপ্রতিরোধ্য থেকেছে ভারত। জিম্বাবুয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স গ্রুপ ২-এর শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ধারাবাহিক পারফরম্যান্সের নিরিখে ভারতকে এবারও ট্রফি জয়ের প্রধান দাবিদার মনে করা হচ্ছে।
অন্যদিকে, জায়ান্ট কিলার হিসেবে পরিচিত আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলও এবার চমকপ্রদ ক্রিকেট খেলছে। সুপার সিক্স গ্রুপ ১-এ শ্রীলঙ্কার কাছে হারলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় জয় তাদের শেষ চারে পৌঁছে দিয়েছে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে, সেমিফাইনালে ভারতকে কড়া চ্যালেঞ্জ জানাতে তারা প্রস্তুত।
ম্যাচের খুঁটিনাটি:
ম্যাচ: ভারত বনাম আফগানিস্তান (সেমিফাইনাল ২)।
সময়: ভারতীয় সময় দুপুর ১টা (টস দুপুর ১২টা ৩০ মিনিটে)।
ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে।
কোথায় দেখবেন: ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে।
লাইভ স্ট্রিমিং: স্মার্টফোন বা ল্যাপটপে খেলা দেখতে পারবেন জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপ ও ওয়েবসাইটে।