নবান্নে ঢুকে মমতার সঙ্গে কথা বলেছিলেন শাহ!” অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিষ্ফোরক দাবি!

দিল্লিতে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়েই বাংলায় বসে অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু দাবি করেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্তে নজরদারি বাড়ানো সম্ভব হচ্ছে না।
শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশে মদত দিচ্ছে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চান না অনুপ্রবেশ বন্ধ হোক। সেই কারণেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি তিনি দিচ্ছেন না। অথচ দোষ চাপানো হচ্ছে বিএসএফ-এর ওপর।” শুভেন্দুর দাবি, রাজ্য প্রশাসনের অসহযোগিতার কারণেই আন্তর্জাতিক সীমানার একটা বড় অংশ আজও উন্মুক্ত হয়ে পড়ে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরেই সুর মিলিয়ে শুভেন্দু মনে করিয়ে দেন, বিএসএফ-কে আক্রমণ করা তৃণমূলের মজ্জাগত স্বভাবে দাঁড়িয়েছে। তাঁর কটাক্ষ, “মুখ্যমন্ত্রী তো কখনও থালা-বাটি নিয়ে বিএসএফ-এর ওপর হামলা করার কথা বলেন, কখনও আবার তাঁর মন্ত্রীরা জওয়ানদের অসম্মান করেন।” শুভেন্দুর চ্যালেঞ্জ, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্তের সমস্ত ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ শেষ করে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে মমতা যখন দিল্লির রাজপথে সোচ্চার, ঠিক তখনই অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে শুভেন্দুর এই আক্রমণ রাজ্যের রাজনৈতিক লড়াইকে এক নতুন মাত্রা দিল। বিরোধীদের স্পষ্ট দাবি, সীমানা সিল না করে রাজ্য সরকার দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে।