SIR শংসাপত্রে বড়সড় ‘গলদ’? ডমিসাইল বিতর্ক নিয়ে উত্তাল কলকাতা পুরসভা!

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার বিতর্কের কেন্দ্রে কলকাতা পুরসভা থেকে দেওয়া ‘ডমিসাইল সার্টিফিকেট’। অভিযোগ উঠেছে, পুরসভা থেকে ইস্যু করা এই শংসাপত্রে স্পষ্ট লেখা রয়েছে— এটি শুধুমাত্র SIR সংক্রান্ত কাজের জন্যই বৈধ। যা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির।

সাধারণত স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে ডমিসাইল সার্টিফিকেট বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে SIR-এর শুনানিতে নথির প্রয়োজনে পুরসভায় লম্বা লাইন পড়ছে। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার শংসাপত্রে ব্যবহারের সীমাবদ্ধতা থাকায় ভবিষ্যতে অন্যান্য কাজে এটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, “অশান্তি জিইয়ে রাখতেই এই পরিকল্পনা।” অন্যদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, “মানুষকে সুবিধা দেওয়ার নামে বাকি সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।”

পুরসভার এই শংসাপত্র ঘিরে যখন শোরগোল তুঙ্গে, তখন মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, সার্টিফিকেটে এমন কোনও সীমাবদ্ধতার কথা লেখা নেই। তাঁর কথায়, “পুরসভা শুধু ম্যানেজমেন্ট দেখছে, সার্টিফিকেট দিচ্ছে রাজ্য।” যদিও শংসাপত্রের প্রতিলিপিতে উল্টো বয়ান ঘিরে অস্বস্তি বাড়ছে শাসকদলের। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের এই আবহে সাধারণ মানুষের হয়রানি ও রাজনৈতিক চাপানউতোর এখন চরম পর্যায়ে।