নম্বর ‘ব্লক’ করতেই রণচণ্ডী প্রেমিকা! প্রকাশ্য দিবালোকে প্রেমিকের বুকে ছুরি বসিয়ে চরম প্রতিশোধ

মোবাইলে নম্বর ‘ব্লক’ করে দেওয়ার মাশুল দিতে হলো নিজের জীবন দিয়ে। সম্পর্কে তিক্ততা আসায় প্রেমিকার নম্বর ব্লক করেছিলেন যুবক, আর সেই রাগে প্রেমিকের বুকে ছুরি বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। ছত্তিশগড়ের বিলাসপুরের এই ঘটনায় মঙ্গলবার রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত যুবক কামতা প্রসাদ সূর্যবংশী স্থানীয় এক বিজেপি নেতার ভাইপো বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের কামতার সঙ্গে ২২ বছরের রোশনি সূর্যবংশীর পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। সম্প্রতি কামতা কথা বলা বন্ধ করে নম্বর ব্লক করে দিলে রোশনির মনে সন্দেহ দানা বাঁধে। মঙ্গলবার দুপুরে কামতার বাড়িতে চড়াও হয়ে ফোন দেখতে চান রোশনি। বচসা চলাকালীন আচমকাই ছুরি বের করে কামতার বুকে বসিয়ে দেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রোশনিকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, কর্নাটকের বাগলকোটে পরকীয়ার সন্দেহে এক গৃহবধূর ওপর পৈশাচিক অত্যাচারের খবর মিলেছে। বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাগের মাথায় স্ত্রীকে বেধড়ক মারধর করে ইলেকট্রিক ট্রিমার দিয়ে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী উমেশ কোট্টালগির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। দুই রাজ্যেই সম্পর্কের টানাপোড়েন থেকে তৈরি হওয়া এই হিংস্রতায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।