৯৪০০ অ্যাকাউন্ট ব্লক করেও থামছে না অপরাধ! ‘ডিজিটাল অ্যারেস্ট’ কাণ্ডে সরাসরি হোয়াটসঅ্যাপের কাছে কড়া জবাব তলব সুপ্রিম কোর্টের

দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digital Arrest) এবং সাইবার অপরাধের ভয়াবহ প্রকোপ রুখতে এবার সরাসরি কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। দেশজুড়ে সাইবার প্রতারণার ঘটনা যেভাবে লাগামছাড়াভাবে বেড়ে চলেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য প্রধান সমাজমাধ্যম ও মধ্যস্থতাকারী সংস্থাগুলি অপরাধ দমনে ঠিক কী কী সুনির্দিষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, তার বিস্তারিত হিসেব তলব করল আদালত।
কপিল সিব্বলের সওয়াল ও হোয়াটসঅ্যাপের পদক্ষেপ: সম্প্রতি মামলার শুনানিতে হোয়াটসঅ্যাপের তরফে আদালতে সওয়াল করেন দেশের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতকে জানান, সাইবার অপরাধের ঘটনা রোধ করতে তারা ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছেন। ভুয়ো ও সন্দেহভাজন অ্যাকাউন্ট শনাক্তকরণের পাশাপাশি ইতিমধ্যেই প্রায় ৯,৪০০টি অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাধারণ ব্যবহারকারীদের সতর্ক ও সুরক্ষিত রাখতে বিশেষ সফটওয়্যার তৈরির কাজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে বলে জানান তিনি। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ একটি হলফনামা আদালতে পেশ করা হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ও পরবর্তী পদক্ষেপ: সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর একটি স্বতঃপ্রণোদিত মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মনোহরের বিশেষ বেঞ্চ এই নির্দেশিকা জারি করে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, হোয়াটসঅ্যাপের মতো মধ্যস্থতাকারী সংস্থাগুলিকে তাদের প্রস্তাবিত সুরক্ষা মূলক পদক্ষেপগুলি যেমন সরাসরি আদালতকে জানাতে হবে, তেমনই তা দেশের সাইবার নিরাপত্তা দেখভালকারী শীর্ষ সংস্থা ‘ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)-কেও অবহিত করতে হবে।
ডিজিটাল যুগে আমজনতার পকেট ফাঁকা করতে নিত্যনতুন ফন্দি আঁটছে সাইবার অপরাধীরা। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মগুলির নিরাপত্তা বলয় কতটা পোক্ত হয়, এখন সেটাই দেখার। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে।