৬টি দেশ ঘুরে অনুদানের আড়ালে ১৩ কোটি টাকা ঢুকল ভারতে! ইডির জালে সাংবাদিক রবি নায়ার?

বিদেশি অর্থের উৎস আড়াল করতে ছয়টি দেশে জটিল আর্থিক জাল। তার ওপর হাওয়ালা ও ডিজিটাল মুদ্রার পথ ধরে ভারতে প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) পাঠানোর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ বিদেশি অর্থ ‘অনুদান’ বা গ্রান্টের আড়ালে ভারতে পাঠানো হয়েছে।
এই গোটা অর্থ লেনদেনের সূত্র ধরেই এবার নাম জড়িয়েছে অনুসন্ধানী সাংবাদিক রবি নায়ারের। যদিও ইডির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে তদন্তকারী সংস্থা সূত্রে এই জটিল আর্থিক চক্রের তথ্য সামনে আসতেই দেশের রাজনৈতিক ও সংবাদমাধ্যম মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
ছয় দেশের জটিল আর্থিক পথ
ইডির তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এই অর্থ পাচারের গতিপথটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে একাধিক স্তরে ভাগ করা হয়েছিল, যাতে টাকার মূল উৎস বা প্রেরককে কোনোভাবেই চিহ্নিত করা না যায়। তদন্তকারীদের দাবি, এই চক্রের সূত্রপাত হয়েছিল জার্মানিতে। সেখানকার ‘ডঃ ম্যাথিয়াস কার্ল ভগট ট্রাস্ট’ (Dr Matthias Karl Vogt Trust) থেকে প্রথম পর্যায়ে ১ মিলিয়ন মার্কিন ডলার ছাড়া হয়।
জার্মানির কঠোর আর্থিক আইন ও নজরদারি এড়াতে সেই অর্থ সরাসরি না পাঠিয়ে প্রথমে লিথুয়ানিয়ার ‘এক্সবেস ডিজিটাল ইউএবি’ (XBase Digital UAB) নামক একটি সংস্থায় স্থানান্তর করা হয়। লিথুয়ানিয়া থেকে টাকা পাঠানো হয় দুবাইয়ে, যেখানে হাওয়ালা চ্যানেল এবং ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনের ধরন বদলানো হয়।
দুবাইয়ের এই ধাপ পেরিয়ে অর্থটি পৌঁছায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কর-স্বর্গ (Tax Haven) হিসেবে পরিচিত সেন্ট কিটস অ্যান্ড নেভিসে নথিভুক্ত ‘টিসিসি ডিজিটাল মার্কেটস লিমিটেড’ (TCC Digital Markets Ltd) নামক সংস্থার কাছে। সেখানে অর্থের উৎস পুরোপুরি লুকোনোর পর তা পাঠানো হয় ব্রিটেনের (ইউকে) একটি সংস্থার ‘এয়ারওয়ালেক্স’ (Airwallex) অ্যাকাউন্টে। ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে দুই দফায় (৩,৬৭,০০৬ পাউন্ড এবং ৩,৭১,৭৪৬ পাউন্ড) এই ১ মিলিয়ন ডলার ব্রিটেনের ওই অ্যাকাউন্টে জমা পড়ে এবং পরবর্তীতে ‘অনুদান’ বা গ্রান্ট হিসেবে তা ভারতে পাঠানো হয়।
কানাডা থেকে সমান্তরাল লেনদেনের হদিস
শুধু জার্মানি থেকেই নয়, তদন্তে আরও একটি সমান্তরাল লেনদেনের হদিস পেয়েছে ইডি। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কানাডায় নথিভুক্ত ‘জেডবেস ডিজিটাল ইনকর্পোরেটেড’ (ZBase Digital Inc) নামক একটি সংস্থা থেকে আরও ৫ লক্ষ মার্কিন ডলার ব্রিটেনের সেই একই এয়ারওয়ালেক্স অ্যাকাউন্টে জমা পড়েছিল। সব মিলিয়ে প্রায় দেড় মিলিয়ন ডলারের এই বিপুল অর্থ অত্যন্ত কৌশলে স্তরে স্তরে ভেঙে ঘোরানো হয়েছিল, যাতে সাধারণ নজরদারিতে তা সহজে ধরা না পড়ে।
সুবিধাভোগীর তালিকায় কার নাম?
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই বিদেশি তহবিলের সুবিধাভোগীদের তালিকায় সাংবাদিক রবি নায়ারের নাম উঠে এসেছে। অতীতে কর্পোরেট সংক্রান্ত একাধিক প্রতিবেদনের জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা ও সাজার নজির রয়েছে। অভিযোগ উঠেছে, এই অর্থের একটি অংশ ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি কেনা থেকে শুরু করে নির্দিষ্ট কিছু প্রচারমূলক কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো এফআইআর বা আনুষ্ঠানিক আদালতের নথি প্রকাশ্যে আসেনি, তবু ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) এবং অর্থ তছরুপ প্রতিরোধ আইনের (PMLA) আওতায় ছয় দেশের এই আর্থিক যোগসূত্র খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।