দেশের প্রথম মহিলা IPS-এর কাঁধে এবার বিরাট দায়িত্ব! স্কুল শিক্ষকদের গাইড করবেন কিরণ বেদী

দেশের প্রথম মহিলা আইপিএস (IPS) অফিসার তথা পুদুচেরির প্রাক্তন উপরাজ্যপাল কিরণ বেদীকে এবার শিক্ষা ক্ষেত্রে বড় দায়িত্ব দিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)। ১৯৭২ ব্যাচের এই প্রাক্তন আধিকারিককে সারা দেশের স্কুল শিক্ষকদের জাতীয় পর্যায়ের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, এনসিটিই-র ‘মিত্র’ (MITRA) প্রকল্পের অধীনে জাতীয় স্তরের মেন্টর হিসেবে কাজ করবেন কিরণ বেদী। আগে এই প্রকল্পটি ‘ন্যাশনাল মিশন ফর মেন্টরিং’ নামে পরিচিত ছিল। জাতীয় শিক্ষানীতি ২০২০-র আওতায় নেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ শিক্ষাবিদ, প্রশাসক এবং বিশিষ্ট পেশাদারদের নিয়ে একটি শক্তিশালী দল গড়ে তোলা।

এই মেন্টররা কর্মরত স্কুল শিক্ষকদের আরও উন্নত ও কার্যকরী পদ্ধতিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নতুন দিশা দেখাবেন। অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্বদের সঙ্গে শিক্ষকদের সংযোগ স্থাপনের মাধ্যমে তাঁদের পেশাগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। দীর্ঘ প্রশাসনিক ও কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিরণ বেদী এবার শিক্ষক সমাজকে কীভাবে পথ দেখান, সেদিকেই নজর রয়েছে শিক্ষা মহলের।