৫ বছরের শিশুর উপর পাশবিক অত্যাচার! দিনহাটায় নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ৫ কিশোরের বিরুদ্ধে

কোচবিহারের দিনহাটায় মাত্র পাঁচ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী পাঁচ কিশোরের বিরুদ্ধে। গত রবিবার ঘটা এই পৈশাচিক ঘটনায় মঙ্গলবার রাতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। ঘটনার পর থেকেই অভিযুক্তদের কোনো খোঁজ মিলছে না বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই পাঁচ কিশোর নাবালিকার উপর যৌন অত্যাচার চালায়। সন্ধ্যায় বাড়ি ফিরে মা পুরো বিষয়টি জানতে পারেন। এরপরেই স্থানীয় একটি মহল থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়। এমনকী, নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে সাহসিকতার সঙ্গে আইনি লড়াইয়ের পথে হাঁটেন মা।

নির্যাতনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে তৎক্ষণাৎ দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। ভুক্তভোগী শিশুর মা ও মানসিকভাবে ভারসাম্যহীন বাবার অসহায়তার সুযোগ নিয়ে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। দিনহাটার বিধায়ক অজয় রায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোচবিহার জেলা পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Pratik Saha
  • Pratik Saha