৪ লক্ষ অতিথি, মোদী-বলিউডকে নিমন্ত্রণ! মেয়ের রাজকীয় বিয়ের পরই জেল যাত্রা এই বাহুবলী নেতার?

বিহারে মেয়ের বিয়েতে এলাহি কাণ্ড ঘটাতে চলেছেন মোকামার বাহুবলী তথা বহিষ্কৃত জেডিইউ বিধায়ক অনন্ত সিং। আয়োজনে বিন্দুমাত্র খামতি রাখছেন না তিনি। আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের কন্যা শিবাঙ্গী সিংয়ের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হতে চলেছেন ঋষিকেশ কুমার। অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লদমার বাড়িতেই বসছে এই মেগা বিয়ের আসর।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো আমন্ত্রিতের সংখ্যা! প্রায় ৪ লক্ষ অতিথির জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মৌ থেকে আসা কারিগররা রাতদিন এক করে তৈরি করছেন ১০০ ফুট লম্বা পাকা কাঠামোর সুবিশাল মণ্ডপ ও মালাবদলের মঞ্চ। ভিভিআইপিদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা।
বলিউডের সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং ও পবন সিং সহ প্রায় ৩৬ জন তারকা এই বিয়েতে উপস্থিত থাকবেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। রাজনৈতিক বিভাজন ভুলে শাসক-বিরোধী সব দল এবং এমনকী পাকিস্তান থেকেও অতিথিরা আমন্ত্রিত বলে দাবি করেছেন অনন্ত। তবে এই জাঁকজমকের মাঝেই কাটছে না আইনি মেঘ। দুলার চাঁদ যাদব খুন মামলায় আগামী ১ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে আত্মসমর্পণের কড়া নির্দেশ রয়েছে তাঁর ওপর। মেয়ের বিয়ের ছ’দিন পরেই অনন্তকে জেল হেফাজতে যেতে হতে পারে।