৪ দিনে ৪০ বার ভূমিকম্প! প্রকৃতি কি বড় বিপদের ‘ওয়ার্নিং বেল’ বাজাচ্ছে? আতঙ্কে পাহাড়

পাহাড়জুড়ে যেন এক অজানা আতঙ্ক দানা বাঁধছে। সিকিম ও উত্তরবঙ্গে থামছেই না প্রকৃতির কাঁপন। গত ২৪ ঘণ্টায় সিকিমে ১৬ বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর আজ সকালেও কেঁপে উঠল দার্জিলিং। রিখটার স্কেলে আজকের কম্পনের মাত্রা ২.৫ হলেও, ঘনঘন এই ভূকম্পন বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সূত্রের খবর, গতকাল সিকিমের মঙ্গনে ৩.৯ ও ৩.৭ মাত্রার দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোররাত থেকে দফায় দফায় এই কম্পনের জেরে কেঁপে ওঠে শিলিগুড়ি ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেও মাত্র চার দিনে ৪০ বারের বেশি কম্পন রেকর্ড করা হয়েছিল। ভূবিজ্ঞানীদের মতে, এটি কোনো বড় ভূমিকম্পের ‘ফোরশক’ বা আগাম সতর্কবার্তা হতে পারে।
২০১১ সালের ৬.৯ মাত্রার সেই বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি আজও সিকিমবাসীর মনে টাটকা। বর্তমান এই পরিস্থিতিকে প্রকৃতির ‘ওয়ার্নিং বেল’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বড় কোনো বিপর্যয়ের আশঙ্কায় বর্তমানে সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গ ও সিকিমের বাসিন্দারা।