৪৫০ কোটি আয় করেও ব্রাত্য! বলিউডের নীরবতা নিয়ে বিস্ফোরক ‘হনুমান অংশ’-এর পরিচালক

বড় বাজেটের ছবি না হয়েও চলতি বছরে বক্স অফিসে নতুন নজির গড়েছে বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমা ‘হনুমান অংশ’। মুক্তির পর শুরুতে দর্শকমহলে সেভাবে সাড়া না ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় বক্স অফিসের সমস্ত সমীকরণ। পরিসংখ্যান অনুযায়ী, ছবিটি বক্স অফিসে ৪৫০ কোটি টাকা আয় করেছে। তবে কম বাজেটের ছবির এই বিপুল সাফল্যের পরেও বলিউডের একটি বড় অংশের নীরবতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক বিশাল চতুর্বেদী।
বক্স অফিসে এমন সাফল্যের পরেও বলিউডের বড় কোনও প্রোডাকশন হাউসের তরফ থেকে আনুষ্ঠানিক প্রশংসা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সাধারণত বিগ বাজেটের কোনো ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করলে বড় প্রোডাকশন হাউসগুলো থেকে আনুষ্ঠানিক বিবৃতি বা শুভেচ্ছা বার্তা আসতে দেখা যায়।
আক্ষেপের সুরে বিশাল চতুর্বেদী বলেন, “আমাদের ছবি কম বাজেটের এবং এই সিনেমার পরিচালকও নতুন। এই কারণেই একটিও বড় প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি। এটা বেশ আশ্চর্যজনক।”
তবে ছবিটি দেখে অনেকেই যে প্রশংসা করেছেন, তাও উল্লেখ করেছেন পরিচালক। তাঁর কথায়, বরুণ ধাওয়ান এবং বীরেন্দ্র সেহবাগের মতো তারকারা ছবির প্রশংসা করেছেন। কিন্তু প্রতিষ্ঠিত স্টুডিও বা বড় প্রোডাকশন হাউসগুলোর পক্ষ থেকে সাফল্যের বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
‘হনুমান অংশ’-এর সাফল্য প্রসঙ্গে পরিচালকের দাবি, কেবল বড় তারকা বা বিপুল বাজেটের ছবিই বক্স অফিসে সাফল্য পেতে পারে—এই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে তাঁদের ছবি। তাঁর মতে, একসময় চলচ্চিত্র সমালোচক ও সোশ্যাল মিডিয়া জনমত তৈরিতে বড় ভূমিকা নিলেও এখন ছবি দেখার পর দর্শকরাই নিজেদের সিদ্ধান্ত নেন।