বিজয়কে নিয়ে বিতর্কের মাঝেই রশ্মিকার বড় মন্তব্য! কোন গুণে মুগ্ধ অভিনেত্রী?

বিয়ের পর প্রথমবার একসঙ্গে ‘কফি উইথ করণ’-এর মঞ্চে হাজির হয়েছিলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরোকোন্ডা। তারপর থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। শোয়ে বিজয়ের কিছু মন্তব্য এবং দুজনের কথোপকথনের ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও কম হয়নি। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত যৌথ বিবৃতি দিতে হয় নবদম্পতিকে। তাঁদের সম্পর্কে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে হায়দরাবাদের সাইবার ক্রাইম কর্তৃপক্ষের দ্বারস্থও হয় তাঁদের টিম। এই বিতর্কের আবহেই এবার স্বামী বিজয়কে নিয়ে মুখ খুললেন রশ্মিকা। জানালেন, কোন গুণটি সবচেয়ে বেশি মুগ্ধ করে তাঁকে।

সম্প্রতি নিজের আগামী ছবি ‘মাইসা’-র প্রচারে ব্যস্ত রশ্মিকা। সেই ছবির প্রচারেই প্রেমার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন অভিনেত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, বিজয়ের কোন একটি গুণ তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে। উত্তরে রশ্মিকা জানান, বিজয়ের মধ্যে এত কিছু ভালো লাগার মতো বিষয় রয়েছে যে, মাত্র একটি গুণের কথা আলাদা করে বলা তাঁর পক্ষে কঠিন।