৪৪-এও যৌবনের জেল্লা! রাতের বেলা এই বিশেষ খাবারটি না খেলে ঘুমই আসে না করিনার?

বয়স যে কেবলই একটা সংখ্যা, তা বারবার প্রমাণ করে দিচ্ছেন বলিউডের ফ্যাশনিস্তা তথা গ্ল্যামার কুইন করিনা কাপুর খান। ৪৪ বছর বয়সে এসেও তাঁর ত্বকের উজ্জ্বলতা এবং ফিটনেস দেখে চোখ কপালে ওঠে ভক্তদের। স্বামী, দুই সন্তান, সংসার সামলানোর পাশাপাশি একের পর এক হিট ছবি—সব মিলিয়ে চরম ব্যস্ত শিডিউল তাঁর। কিন্তু এত কিছুর মধ্যেও নিজের ডায়েট ও শরীরচর্চা নিয়ে বিন্দু মাত্র ছাড় দেন না বেবো। কঠোর রুটিন মেনে চলা করিনা সম্প্রতি এক অনুষ্ঠানে ফাঁস করেছেন তাঁর ফিটনেসের ও খাওয়ার এক অদ্ভুত সিক্রেট।
রাতে খিচুড়ি না খেলে ঘুমই হয় না!
কড়া ডায়েট বা ভারী কন্টিনেন্টাল খাবার নয়, করিনার সবচেয়ে বড় দুর্বলতা হলো অত্যন্ত সাধারণ একটি বাঙালি পদ— ‘খিচুড়ি’! নিজের পছন্দের কথা বলতে গিয়ে অভিনেত্রী হাসিমুখে জানান, পর পর দুই-তিন দিন খিচুড়ি না খেলে তাঁর মনে অদ্ভুত অস্বস্তি শুরু হয়। বাধ্য হয়ে তখন নিজের ডায়েটিশিয়ানকে মেসেজ করে অনুরোধ জানান, যাতে রাতের খাবারে অন্তত সামান্য খিচুড়ি রাখা হয়; নয়তো তাঁর নাকি রাতে চোখে ঘুমই আসে না!
বাইরের হেভি বা জাঙ্ক ফুডের চেয়ে ঘরের তৈরি সাধারণ খাবারে বরাবরই বেশি আস্থা রাখেন এই বলিউড ডিভা। শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও ডাব্বা বন্দি ঘরোয়া খাবার সঙ্গে রাখা এবং কঠোর অনুশাসনের বশেই আজ ৪৪ বছর বয়সেও এতখানি ফিট ও টঝটজে রয়েছেন করিনা, তা বলাই বাহুল্য।