৩১ ডিসেম্বর পর্যন্ত সৌদির উড়ান বন্ধ এয়ার ইন্ডিয়ার! ২ ডিসেম্বর থেকে জেড্ডায় ফিরছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে নিরাপত্তার কথা মাথায় রেখে সৌদি আরবের জেড্ডা, দাম্মাম এবং রিয়াধগামী সমস্ত বিমান পরিষেবা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। রবিবার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। তবে যাত্রীদের কথা ভেবে আগামী ২ ডিসেম্বর থেকে ধাপে ধাপে জেড্ডাগামী বিমান পরিষেবা পুনরায় চালু করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
সম্প্রতি সৌদি আরবের একাধিক শহর ও পরিকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী হামলা চালায়, যার প্রভাব পড়ে ওই অঞ্চলের বিমান চলাচলে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেই উড়ান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। রবিবার ‘এক্স’ হ্যান্ডেলে সংস্থাটি জানায়, ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেড্ডা, দাম্মাম ও রিয়াধগামী এবং সেখান থেকে আসা সমস্ত ফ্লাইট বন্ধ থাকবে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে যে তারা রিয়াধ ও দাম্মামগামী উড়ান ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখবে। তবে আগামী ২ ডিসেম্বর থেকে জেড্ডা ও ম্যাঙ্গালুরুর মধ্যে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।
সৌদি আরবগামী বিমান সূচিতে পরিবর্তন এনেছে অন্যান্য ভারতীয় বিমান সংস্থাও। শুক্রবার ‘এক্স’ হ্যান্ডেলে ইন্ডিগো জানায়, জেড্ডা ও মদিনা রুটে বাছাই করা কিছু বিমান পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; তবে রিয়াধ ও দাম্মামগামী সমস্ত ফ্লাইট ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি শনিবার আকাসা এয়ার ‘এক্স’-এ ঘোষণা করেছে, তারা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত জেড্ডাগামী এবং ৩১ জানুয়ারি পর্যন্ত রিয়াধগামী সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখছে।