CINTAA অফিসে বর্ষীয়ান অভিনেতা দীপক কাজিরকে মারধর! সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রবীণ টেলিভিশন অভিনেতা দীপক কাজির কেজরিওয়ালকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের বিনোদন জগতে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের অফিসে (CINTAA)। সংগঠনের দপ্তরেই এক বর্ষীয়ান অভিনেতার উপর এমন আক্রমণের ঘটনায় নিরাপত্তা ও সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ নভেম্বর মুম্বইয়ের CINTAA অফিসে প্রবেশ করতে গেলে দীপক কাজিরকে বাধা দেওয়া হয়। কেন তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই কারণ জানতে চাওয়া থেকেই পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কথা কাটাকাটি ও বচসা শুরু হলেও তা দ্রুত হাতাহাতির রূপ নেয় বলে দাবি করা হয়েছে।

সংস্থার সদস্য ডেইজি ক্লেমেন্টস অভিযোগ করেছেন, ওই দিন কয়েকজন মিলে প্রবীণ অভিনেতাকে লাথি ও ঘুষি মেরে আঘাত করেন। এই ঘটনায় আরমান তাহিল, ব্রিজেশ, রাম এবং স্বপন ভট্টাচার্যের নাম সামনে এসেছে। অভিনেতাদের সংগঠনের অফিসেই এমন ঘটনা ঘটার পর দীপক কাজিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

তবে গোটা ঘটনা নিয়ে আলাদা বক্তব্য তুলে ধরেছেন CINTAA-এর সভাপতি উপাসনা সিং। তাঁর দাবি, দীপক কাজির বর্তমানে এই সংগঠনের সদস্য নন। এর পরেও তিনি দপ্তরে ঢোকেন এবং সেখানে উপস্থিত সদস্যদের সঙ্গে তাঁর বচসা বাধে। ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য নিয়ে নানা মহলে আলোচনা চলছে।