মশাগ্রাম রেলগেটের কাছে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, হাসপাতালে আশঙ্কাজনক স্বামী

রেলগেট খোলা পেয়ে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। ভুষি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী। রবিবার বর্ধমান-হাওড়া মেন শাখার মশাগ্রাম রেলগেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম শেফালী সিকদার (৬১) এবং গুরুতর আহত তাঁর স্বামীর নাম সুবাস সিকদার। মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ওই দম্পতি এদিন একটি স্কুটিতে করে জামালপুরের দিক থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসছিল ভুষি বোঝাই একটি লরি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মশাগ্রাম রেলগেট খোলা থাকায় দ্রুত পার হওয়ার তাগিদে বেপরোয়া গতিতে স্কুটিটিকে ওভারটেক করার চেষ্টা করে লরিটি। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে স্কুটিতে ধাক্কা মারে লরিটি। ধাক্কার অভিঘাতে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান স্বামী-স্ত্রী। দুর্ভাগ্যবশত লরির চাকা শেফালীদেবীর উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়; অন্যদিকে গুরুতর আহত হন সুবাসবাবু।

দুর্ঘটনার পরই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেওয়ার চেষ্টা করে লরির চালক। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বাসে উঠে পালানোর ছক কষেছিল সে, কিন্তু স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায়। ঘাতক লরিটিকেও আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চালক ও লরিটিকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।