প্রথম গেম জিতেও হার! সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ফাইনালে স্বপ্নভঙ্গ তানভি শর্মার

সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলস ফাইনালে লড়াই করেও হার মানলেন ভারতের তরুণ শাটলার তানভি শর্মা। রবিবার লখনউয়ের ইউপি ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে থাইল্যান্ডের সুপানিদা কাতেথংয়ের কাছে তিন গেমের লড়াইয়ে পরাজিত হন ১৭ বছর বয়সি এই ভারতীয় খেলোয়াড়। প্রথম গেম জিতে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ২১-১১, ১২-২১, ১৫-২১ ব্যবধানে ম্যাচ হাতছাড়া করেন তানভি। ফলে সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধুর পর তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস খেতাব জয়ের হাতছানি অধরাই থেকে গেল তাঁর।
বাঁ হাতি থাই প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা ও বৈচিত্র্যময় শটে শুরুতেই দাপট দেখিয়েছিলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা তানভি। অনায়াসে প্রথম গেম ২১-১১ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একের পর এক আনফোর্সড এরর করতে শুরু করেন তানভি; ৬-৯ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পরবর্তী ১৮ পয়েন্টের মধ্যে ১৫টিই জিতে নেন কাতেথং। ২১-১২ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে সমতা ফেরান থাই শাটলার।
নির্ণায়ক তৃতীয় গেমেও নিজের ভুলের খেসারত দিতে হয় তানভিকে। দীর্ঘ র্যালিতে প্রতিপক্ষকে চাপে রাখার বদলে দ্রুত পয়েন্ট শেষ করার তাড়াহুড়ো দেখা যায় তাঁর খেলায় এবং একাধিক শট লাইনের বাইরে পাঠান তিনি। অন্যদিকে, প্রথম গেমে হারের পর খেলার গতি ও আক্রমণের ঝাঁজ বাড়ান কাতেথং। ফাইনালের আগে টানা তিনটি দীর্ঘ ম্যাচ খেলায় তানভির শারীরিক ক্লান্তিও ফাইনালের শেষ দিকে প্রভাব ফেলে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ফাইনালে হারলেও এই পারফরম্যান্সের সুবাদে মহিলাদের সিঙ্গলস বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০-তে জায়গা করে নিতে চলেছেন তানভি। কিশোরী বয়সে এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় ভারতীয় শাটলার হবেন তিনি; এর আগে একমাত্র পিভি সিন্ধুই এই নজির গড়েছিলেন।
অন্যদিকে, রবিবার মহিলাদের ডাবলস ফাইনালেও হতাশ হতে হয়েছে ভারতকে। টানা তৃতীয়বার সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করেছেন তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। ইন্দোনেশিয়ার চতুর্থ বাছাই জুটি ইসিয়ানা মেইদা ও রিঞ্জানি নাস্তিনের কাছে হেরে যান ভারতের শীর্ষবাছাই জুটি। প্রথম গেম ২৪-২২ ব্যবধানে জিতলেও দ্বিতীয় গেমে ১২-২১ ব্যবধানে হারেন তৃষা-গায়ত্রী। নির্ণায়ক গেমে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে থেকেও পরপর সাত পয়েন্ট হারিয়ে খেতাব হাতছাড়া করেন গতবারের চ্যাম্পিয়নরা।