২ বছরের শিশুকে আছাড় শিক্ষিকার! কান ফাটানো কান্নায় ভেঙে পড়ল ছোট্ট শিশু, নিউ আলিপুরের প্লে-স্কুলে চাঞ্চল্য

খেলার ছলে আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা শেখানোর কথা যে বয়সে, সেই বয়সেই প্রি-নার্সারি স্কুলের ক্লাসরুমে নেমে এল চরম হেনস্থার অভিযোগ। খেলতে খেলতে নিজের মনে ব্যস্ত থাকা একটি দুই বছরের শিশুকে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠল খোদ শিক্ষিকার বিরুদ্ধে। এই অমানবিক ঘটনায় শিশুর পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউ আলিপুরের একটি নামী প্রি-নার্সারি স্কুলে। এই ঘটনায় ইতিমধ্যে শিশুর পরিবারের পক্ষ থেকে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ শিশু সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অন্যান্য দিনের মতোই নিয়মমাফিক স্কুলে গিয়েছিল ওই শিশুটি। প্রি-নার্সারি স্কুলে ছোট বাচ্চারা সাধারণত প্রথম দিকে কান্নাকাটি বা বায়না করলেও, শিক্ষিকারা তাদের আদর করে সামলান বলেই অভিভাবকদের বিশ্বাস। ঘটনার দিন ক্লাসের মধ্যে নিজের মনেই খেলছিল দুই বছরের ওই খুদে শিক্ষার্থী। পরিবারের দাবি, শিশুটির সেই কার্যকলাপে নাকি কোনো কারণে অসন্তুষ্ট হন সংশ্লিষ্ট শিক্ষিকা। এরপরই ক্ষিপ্ত হয়ে শিশুটিকে জোর করে তুলে মাটিতে আছাড় মারেন তিনি।
স্কুল ছুটি হওয়ার পর শিশুটিকে বাড়ি নিয়ে আসার পর থেকেই তার অস্বাভাবিক কান্নাকাটি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার পা ফুলতে থাকায় পরিবারের সন্দেহ হয়। দ্রুত শিশুটিকে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করার পর চিকিৎসকরা জানান, শিশুটির পায়ের হাড় ভেঙে গিয়েছে। এরপরই যন্ত্রণা সত্ত্বেও ওই খুদে তার আদো আদো বুলিতে স্কুলের অঘটনের কথা বাবা-মাকে জানায়।
সন্তানের মুখে সমস্ত ঘটনা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি নিউ আলিপুর থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশু সুরক্ষা আইনে মামলা রুজু করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে এবং ক্লাসরুমের অন্দরে ঠিক কী ঘটেছিল তা জানতে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।