২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় হামলা, গভীর রাতে কেঁপে উঠল অসমের সেনা ক্যাম্প, উলফা-আই-এর গ্রেনেড হামলায় আহত ৩ জওয়ান

২৪ ঘণ্টার ব্যবধানে ভারতীয় সেনার উপর দ্বিতীয়বার হামলা! এবার টার্গেট হলো অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথর শহরের একটি সেনা ক্যাম্প। শুক্রবার ভোরে ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিটের এই ক্যাম্পে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে কমপক্ষে তিন জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, মাঝরাতে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। আনুমানিক রাত ১২:১৫ নাগাদ গুলি বর্ষণ শুরু হয় এবং তা ১২:৪৫ পর্যন্ত চলে। এই হামলার পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-ইনডিপেন্ডেন্ট (ULFA-I) জড়িত বলে মনে করা হচ্ছে।

প্রতিশোধের তত্ত্ব ও লাগাতার হামলা
এই ঘটনাটি উলফা-আই কর্তৃক ভারতীয় সেনার উপর ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় হামলা। এর ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, উলফা-আই অরুণাচল প্রদেশের মানমাও এলাকায় আসাম রাইফেলসের ওপর হামলা চালিয়েছিল বলে জানা যায়।

নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের জুলাই মাসে মিয়ানমারের সাগাইং অঞ্চলে উলফা-আই-এর একটি ক্যাম্পে যে হামলা চালানো হয়েছিল, তারই প্রতিশোধ হিসেবে জঙ্গিরা এই সিরিজ হামলা চালাচ্ছে। এই লাগাতার হামলা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।