পুজোর ঘরের ধূপেই নীরব বিপদ! সিগারেটের ধোঁয়ার মতো ফুসফুস শেষ করছে না তো?

পুজোর ঘরে ধূপ জ্বালানো অনেকের কাছেই নিত্যদিনের পবিত্র অভ্যাস, আর তার সুবাস মনকেও প্রশান্ত করে। তবে চিকিৎসকদের মতে, বদ্ধ ঘরে রোজ ধূপ জ্বালানোর অভ্যাস নীরবে ফুসফুসের ক্ষতি করতে পারে এবং অনেক ক্ষেত্রে তা সিগারেটের ধোঁয়ার মতোই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অনেক পরিবারে সকালে ও সন্ধ্যায় নিয়মিত ধূপ জ্বালানো হয়, কিন্তু বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে সেই ধোঁয়া ঘরের ভেতরেই জমে গিয়ে শ্বাসযন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে।

ধূপকাঠিতে সাধারণত কাঠের গুঁড়ো, আঠা এবং কৃত্রিম সুগন্ধি রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলো পুড়লে বাতাসে সূক্ষ্ম কণা বা পিএম ২.৫, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড ও বেনজিনের মতো ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়ে। জানালা বা দরজা বন্ধ থাকলে এই ধোঁয়া সহজে বাইরে বেরোতে পারে না। ফলে সূক্ষ্ম কণাগুলো শ্বাসনালী বেয়ে সরাসরি ফুসফুসে পৌঁছায়। দীর্ঘদিন ধরে এমন ধোঁয়ার সংস্পর্শে থাকলে সিওপিডি, অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

ধূপের তীব্র গন্ধ ও ধোঁয়া অনেকের ক্ষেত্রে তাৎক্ষণিক অস্বস্তিও তৈরি করে। চোখ জ্বালা করা, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। যাঁদের আগে থেকেই হাঁপানি বা শ্বাসকষ্টের প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাশাপাশি বাড়ির ছোট শিশু এবং বয়স্ক ব্যক্তিদের ওপর এই ধোঁয়ার ক্ষতিকর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ার আশঙ্কা থাকে।

তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ধূপ জ্বালানো পুরোপুরি বন্ধ করতেই হবে, এমন নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামান্য সচেতনতা ও অভ্যাসের বদলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ঘরের দরজা-জানালা খোলা রেখে বা এক্সহস্ট ফ্যান চালিয়ে ধূপ জ্বালালে ধোঁয়া বেরিয়ে যাওয়ার পথ তৈরি হয়, যা ঘরের ভেতরে বিষাক্ত কণা জমতে দেয় না। দীর্ঘ সময় ধরে ধূপ জ্বালিয়ে না রেখে কেবল পুজোর সময়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।

এ ছাড়া রাসায়নিক সুগন্ধিযুক্ত ধূপের বদলে গুগগুল, চন্দন বা প্রাকৃতিক উপাদানে তৈরি ধূপ ও বাঁশের কাঠি ছাড়া ধূপ ব্যবহারের দিকে জোর দেওয়া যেতে পারে। ধূপ জ্বালিয়ে তার একদম কাছে বসে না থেকে কিছুটা দূরত্বে থাকা এবং বিকল্প হিসেবে ঘি-এর প্রদীপ ব্যবহার করার কথাও বলা হয়েছে। দৈনন্দিন অভ্যাসে ছোট্ট এই পরিবর্তনগুলো আনলে আচার ও সুস্থতা—উভয়ই বজায় রাখা সম্ভব।