“২০১৮-এ MBBS-এ ভর্তি”-উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত দেহ, আত্মহত্যার দাবি ওড়ালো পরিবার

সোমবার নাগেরবাজারের একটি হস্টেল থেকে নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২৮ বছর বয়সি তরুণ চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনার ঠিক আগেই নিজের হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে তিনি লিখে গিয়েছিলেন, “আমি আর পেরে উঠছি না।” প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করলেও পরিবারের সদস্যরা সেই দাবি মানতে নারাজ। তাঁদের স্পষ্ট অভিযোগ, অভিজিৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই মর্মে তাঁরা ইতিম্যধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

হস্টেল কর্তৃপক্ষের সূত্রে দাবি করা হয়েছে, গত প্রায় এক বছর ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন অভিজিৎ। ঘনিষ্ঠ মহলেও তিনি পারিবারিক কিছু সমস্যার কথা জানিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। তবে তাঁর এই আকস্মিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

পেশাগত পরিচয় ও হস্টেল কর্তৃপক্ষের দাবি

হস্টেল সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে এনআরএস হাসপাতালে এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি হয়েছিলেন অভিজিৎ। ২০২৪ সালে তিনি সফলভাবে এমবিবিএস পাশ করেন এবং ২০২৫ সালে তাঁর হাউসস্টাফশিপও শেষ হয়। হস্টেল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে এনআরএস হাসপাতালের সঙ্গে তাঁর সরাসরি কোনও পেশাগত যোগাযোগ ছিল না।

পুলিশের ফোনেই খোলসা পুরো ঘটনা

ঘটনার বিবরণ দিতে গিয়ে হস্টেল কর্তৃপক্ষ জানান, গতকাল দুপুরে নাগেরবাজার থানার তরফে আচমকাই তাঁদের কাছে একটি ফোন আসে। এক চিকিৎসক পরিচয় দিয়ে অন্য একজন ব্যক্তি পুলিশকে ফোন করে অভিজিতের নিরাপত্তা ও জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই ফোনের পরেই পুলিশ হস্টেল কর্তৃপক্ষকে অভিজিতের ঘরের নম্বর জানিয়ে দ্রুত খোঁজ নিতে বলে।

পুলিশের ফোন পেয়েই হস্টেল কর্তৃপক্ষ দ্রুত অভিজিতের ঘরে যান। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করার পর রহস্যজনকভাবে ভিতরের ছিটকিনিটি খুলে যায়। ভিতরে প্রবেশ করতেই তাঁরা অভিজিতের ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পাশাপাশি ঘর থেকে একটি সুইসাইড নোট, এটিএম কার্ড এবং ওয়ালেট বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

সিঙ্গল রুমে একাই থাকতেন অভিজিৎ

হস্টেলের অন্য আবাসিকরা জানিয়েছেন, গত অগাস্ট মাস থেকে হস্টেলের একটি সিঙ্গল রুমে একা থাকতেন অভিজিৎ। ঘর থেকে তিনি বিশেষ বেরোতেন না এবং অন্য কারও সঙ্গে মেলামেশাও করতেন না। একা থাকার কারণে তাঁর আচরণে যে কোনও অস্বাভাবিকতা ছিল, তা প্রথমে কারও নজরে আসেনি। তবে একই ফ্লোরের কয়েকজন আবাসিকের দাবি, তিনি যে গভীর মানসিক অবসাদে ভুগছিলেন এবং নিয়মিত ধূমপান করতেন, তা লক্ষ্য করা গিয়েছিল।

ঘটনার পরপরই অভিজিতের পরিবারকে খবর দেওয়া হয়। এনআরএস থেকে আরজি কর হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করেন তাঁর দিদি ও জামাইবাবু। পুলিশ পরিবারের বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করেছে। আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।