১২ বছরের ছেলের সামনেই কুড়াল দিয়ে স্ত্রীকে কোপাল স্বামী! ঠাকুমাকে ফোন করে সব জানাল শিশুটি

স্ত্রীর চরিত্র নিয়ে তীব্র সন্দেহের জেরে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ১২ বছর বয়সী ছেলের সামনেই, আর অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর ওই শিশুটির ফোনেই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে আসে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার কৌড়িয়া থানা এলাকার কোটিয়া মাদারা গ্রামে ঘটা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কীভাবে ঘটল ঘটনা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটিয়া মাদারা গ্রামের বাসিন্দা মনোজ কুমার শুক্লা গত ২০ নভেম্বর রাত ১১টা নাগাদ তার স্ত্রী সুমন শুক্লাকে হত্যা করে। অভিযোগ, মনোজ কুড়াল দিয়ে সুমনের মাথায় পরপর আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১২ বছরের ছেলে কিষাণের সামনেই এই ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। বাবা পালিয়ে যাওয়ার পর কিষাণ ফোনে তার ঠাকুমা সীতাবতী তিওয়ারিকে পুরো বিষয়টি জানায়।

খবর পেয়ে সুমনের মা পুলিশকে জানান এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে দ্রুত মেয়ের বাড়িতে পৌঁছন। বাড়ির বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সুমনের দেহ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং তদন্ত শুরু করে।

২৪ ঘণ্টায় গ্রেপ্তার, উদ্ধার কুড়াল

পুলিশ জানিয়েছে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মনোজ কুমার শুক্লাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় এবং পরে তাকে বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটিও উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) নিতেশ সিং জানান, প্রায় দুই বছর আগে স্ত্রীকে নিয়ে পানিপথে গিয়েছিল অভিযুক্ত। সেখানে স্ত্রীর সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক রয়েছে— এমন সন্দেহ থেকেই দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এবং তার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।