দিল্লির স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি জারি! ১ ডিসেম্বর থেকে ফর্ম পূরণ, বদলে গেল নার্সারি-কেজির নামও

দিল্লির বেসরকারি ও স্বীকৃত স্কুলগুলিতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে নার্সারি, কিন্ডারগার্টেন এবং প্রথম শ্রেণিতে ভর্তির পূর্ণাঙ্গ সময়সূচী ও নির্দেশিকা প্রকাশিত হলো। শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, সাধারণ বিভাগের ৭৫ শতাংশ আসনে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে এবং অভিভাবকরা ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কবে কোন তালিকা ও শেষ কবে ভর্তি?

প্রকাশিত সময়সূচী অনুযায়ী, ভর্তির প্রথম বাছাই তালিকা ২০ জানুয়ারি, ২০২৭ তারিখে প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছে ৫ ফেব্রুয়ারি। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে ২২ ফেব্রুয়ারি। স্কুলগুলিকে আগামী ১২ মার্চের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এই সাধারণ ভর্তি প্রক্রিয়ায় অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS), সুবিধাবঞ্চিত গোষ্ঠী (DG) এবং প্রতিবন্ধী শ্রেণীর জন্য সংরক্ষিত ২৫ শতাংশ আসন অন্তর্ভুক্ত নয়; ওই আসনগুলির জন্য আলাদাভাবে আবেদন প্রক্রিয়া চালু করা হবে।

বয়স ও নতুন নামকরণ

শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, নির্ধারিত বয়সের ভিত্তিতেই এই ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। পাশাপাশি ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নার্সারি, লোয়ার কেজি এবং আপার কেজির নতুন নামকরণ করা হয়েছে— সেগুলি যথাক্রমে বাল বাটিকা-১, বাল বাটিকা-২ এবং বাল বাটিকা-৩ নামে পরিচিত হবে।