১০ লাখের জনসমুদ্র নাকি এআই-এর বুলেকি? রামলীলা ময়দানের ‘ফেক ছবি’ পোস্ট করে চরম ট্রোলের মুখে কংগ্রেস!

দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডি’ (INDI) জোটের মহাসমাবেশ ঘিরে এবার তৈরি হলো এক নজিরবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিতর্ক। ১ নভেম্বরের এই সমাবেশকে ‘জনসমুদ্র’ হিসেবে প্রমাণ করতে কংগ্রেস এআই (AI) প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রচার চালাচ্ছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে রিজিজু কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে লিখেছেন, “রামলীলা ময়দান ভর্তি দেখানোর জন্য কংগ্রেসের প্রচার দলের তৈরি এআই ছবিটিও অন্তত ঠিকঠাক বানানো উচিত ছিল!” উল্লেখ্য, কংগ্রেস এমপি বংশী গদ্দামসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা রামলীলা ময়দানে উপচে পড়া ভিড়ের একটি ছবি পোস্ট করার পর থেকেই এই এআই বিতর্কের আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে।
ভোটার তালিকায় তথাকথিত অনিয়ম ও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)-এর প্রতিবাদে ১ নভেম্বর রামলীলা ময়দানে মহাসমাবেশ ডেকেছিল ইন্ডি জোট। সেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতারা যোগ দিয়েছিলেন। এই সভায় রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন। যুব কংগ্রেস দাবি করেছে যে, তাদের ‘ফ্রিডম স্ট্রাগল ২.০’ কর্মসূচিতে সারা দেশ থেকে ২০ হাজারেরও বেশি কর্মী যোগ দিয়েছিলেন।
তবে বিজেপির দাবি, গোটা সমাবেশটিই একটি চরম ব্যর্থতা। বিজেপি সাংসদ সম্বিত পাত্র তোপ দেগে বলেন, “১০ লক্ষ মানুষের উপস্থিতির দাবি করা হলেও সমাবেশের প্রায় ৪০ শতাংশ মাঠ সম্পূর্ণ ফাঁকা ছিল। সেখানে পাতা ২৮ হাজার চেয়ারের মধ্যে বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের সময় প্রায় ৫ থেকে ৭ হাজার চেয়ার ফাঁকাই পড়েছিল।” ছবি কারসাজির এই নতুন বিতর্কে উৎসবের মরশুমে রাজধানীর রাজনীতি এখন সরগরম।