পাকিস্তানি সিরিজ নিয়ে ফের বড় বিতর্ক, ভারতে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ আটকাতে মাঠে সিনে সংগঠন

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে ঘিরে আবারও বিতর্ক দানা বেঁধেছে। এবার তাঁর নতুন ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আগামী ৪ ডিসেম্বর Netflix-এ সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ভারতে যাতে এটি না দেখানো হয়, সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বা AICWA। একই সঙ্গে Netflix India-র কাছেও ভারতে এই সিরিজ সম্প্রচার না করার আবেদন জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের দাবি, পাকিস্তানের কোনও সিনেমা, ওয়েব সিরিজ, গান কিংবা পডকাস্ট ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো উচিত নয়। ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা নির্দেশিকার কথাও উল্লেখ করেছে তারা, যেখানে পাকিস্তান থেকে তৈরি কনটেন্ট সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল। প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়। তার পরেই ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রক OTT প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাকে পাকিস্তানি কনটেন্ট বন্ধ করার পরামর্শ দেয়। সেই নির্দেশিকার ভিত্তিতেই এবার ফাওয়াদের সিরিজের মুক্তি আটকানোর দাবি উঠেছে।

কী বলছে সংগঠন?

AICWA-র বক্তব্য, পুলওয়ামা হামলার পর থেকেই তারা ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার বিরোধিতা করে আসছে। পহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় সরকারও পাকিস্তানি শিল্পী ও কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তাই Netflix-এর মতো আন্তর্জাতিক OTT প্ল্যাটফর্মে পাকিস্তানি সিরিজ সম্প্রচারিত হলে তা দেশের স্বার্থ এবং মানুষের আবেগের পরিপন্থী হবে বলে মনে করছে সংগঠনটি। শুধু এই একটি সিরিজ বন্ধ করাই নয়, পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে স্থায়ী আইন তৈরি এবং নিয়ম ভাঙলে কঠোর শাস্তির ব্যবস্থা করারও দাবি জানিয়েছে তারা।

কী নিয়ে তৈরি এই সিরিজ?

ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরাইদ। Netflix-এর প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ হিসেবে এটি প্রচারিত হচ্ছে। এই সিরিজে ফাওয়াদ খান ছাড়াও অভিনয় করেছেন মাহিরা খান, হানিয়া আমির, সনম সঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হামজা আলি আব্বাসি, মায়া আলি এবং বিলাল আশরাফের মতো পরিচিত মুখ। তিন প্রজন্মের ছ’টি প্রেমের গল্প নিয়ে এগিয়েছে সিরিজের কাহিনি। প্রেম, সম্পর্কের জটিলতা, পারিবারিক টানাপড়েন এবং মানসিক ক্ষত কাটিয়ে ওঠার গল্প ফুটে উঠবে এখানে। মূল কাহিনিতে সিকান্দার নামে এক তরুণ এবং লিজা নামে এক শিল্পীর সম্পর্কের নানা ওঠাপড়া দেখা যাবে ইতালির প্রেক্ষাপটে।

ভারতে কি আদৌ দেখা যাবে এই সিরিজ?

এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। Netflix-এর আন্তর্জাতিক ঘোষণায় ৪ ডিসেম্বর মুক্তির কথা বলা হলেও ভারতে সিরিজটি দেখা যাবে কি না, তা নিয়ে সংস্থার তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি। Netflix India-র প্ল্যাটফর্মে মুক্তির তারিখের উল্লেখ থাকলেও সেটি ভারতে সম্প্রচারের নিশ্চয়তা দেয় না। অন্যদিকে, পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল ভারতে এই সিরিজ বন্ধের দাবির বিরোধিতা করেছেন। তাঁর মতে, শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক বিতর্কের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় এবং এই সিরিজ পাকিস্তানের বিনোদন জগতের জন্য একটি বড় মাইলফলক।