হাসিনাকে দেশে ফেরানো নিয়ে টানাপোড়েন চরমে! আকস্মিক স্থগিত হয়ে গেল ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক

শেখ হাসিনার দেশে ফেরার তীব্র ইচ্ছা এবং অন্যদিকে বর্তমান বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের কড়া দাবির মাঝেই দুই দেশের সম্পর্কে নতুন মোড়। রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে আচমকাই স্থগিত হয়ে গেল ভারত-বাংলাদেশ পঞ্চম কনসুলার আলোচনা। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় কূটনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

কী ছিল আলোচনার মূল এজেন্ডা? সূত্রের খবর, ঢাকা ও নয়াদিল্লির এই দ্বিপক্ষীয় বৈঠকে বেশ কিছু অতি সংবেদনশীল বিষয়ে আলোচনার কথা ছিল। এর মধ্যে অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আইনি প্রক্রিয়া। পাশপাশি আন্তঃসীমান্ত বিষয়াবলি, সীমান্ত ব্যবস্থাপনা, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, উভয় দেশের জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন নিশ্চিত করা এবং পারস্পরিক আইনি সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আলোচনার টেবিলে থাকার কথা ছিল। এই বৈঠককে সফল করতে গত ৩ নভেম্বর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

পাসপোর্ট বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং তাঁর দেশে ফেরার আবেদন নাকচ করার ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে গভীর প্রভাব ফেলেছে। হাসিনা বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, বর্তমান প্রশাসনের তরফে তাঁর পাসপোর্ট সংক্রান্ত আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে বলে খবর। এর জেরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে তৈরি হওয়া অস্বস্তিই কি এই বৈঠকের আচমকা স্থগিত হওয়ার মূল কারণ? তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক জল্পনা। শেষ পর্যন্ত এই কূটনৈতিক বরফ কবে গলবে, সেদিকেই এখন নজর সকলের।